বাংলাদেশের কাছে সিরিজ হারলেও নেদারল্যান্ডস হতাশ নয়। বরং বাংলাদেশের খেলায় তারা মুগ্ধ। নেদারল্যান্ডসের সহকারী কোচ রায়ান ভ্যান নিকার্ক মনে করেন, ২০২৩ সালের বাংলাদেশ দলের সঙ্গে বর্তমান দলের অনেক পার্থক্য আছে।

প্রথম দুই ম্যাচে বড় ব্যবধানে হারলেও ডাচ কোচ হতাশ নন। তার মতে, পূর্ণ সদস্য দেশগুলোর বিপক্ষে নিয়মিত খেলা দলের উন্নতির পথ খুলে দেবে।

সোমবার বাংলাদেশে সিরিজ হারার পর সংবাদ সম্মেলনে নিকার্ক বলেন, “আমরা আমাদের দল নিয়ে গর্বিত। বাংলাদেশ দলের মতো শীর্ষ দশের একটি দলের বিপক্ষে খেলা বিরাট সুযোগ। আমরা বিশ্বের সেরা দলগুলোর বিপক্ষে খেলতে চাই। তাই প্রতিটি ম্যাচ আমাদের কাছে চ্যালেঞ্জ।”

২০২৩ বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে নেদারল্যান্ডস ঐতিহাসিক জয় পেয়েছিল। তবে নিকার্কের মতে, তখনকার বাংলাদেশ আর এখনকার বাংলাদেশ এক নয়। তিনি বলেন, “তাদের ফিল্ডিংয়ে অ্যাথলেটিসিজম বেড়েছে, ব্যাটিংয়ে স্মার্ট অপশন বেছে নিচ্ছে। আগের মতো অগোছালো নয়। তরুণ ডাইনামিক ব্যাটার উঠে আসছে, যারা দলে অবদান রাখছে।”

বাংলাদেশ দলের বোলিং আক্রমণ নিয়েও প্রশংসা করেছেন নিকার্ক। তিনি বলেন, “বাংলাদেশের ডানহাতি ও বাঁহাতি দুই ধরনের বোলারই আছে। তাসকিন নিয়মিত ১৩৫ কিমি/ঘণ্টায় বল করছে, মোস্তাফিজের বোলিং বৈচিত্র্যময়। মেহেদী নতুন বলে যেমন ভালো, মাঝের ওভারেও বল করতে পারে। এই বোলিং বৈচিত্র্যই বাংলাদেশকে এগিয়ে রাখছে। এটাই দলের জন্য প্লাস পয়েন্ট।”

 

news