পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশে শনিবার (৬ সেপ্টেম্বর) একটি স্থানীয় ক্রিকেট টুর্নামেন্টের ম্যাচ চলাকালীন ভয়াবহ বোমা হামলার ঘটনা ঘটেছে। বাজৌর জেলার খার তহসিলের কাওসার ক্রিকেট গ্রাউন্ডে এই বিস্ফোরণে অন্তত একজন নিহত হয়েছেন, আর অনেক মানুষ আহত হয়েছেন।
হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি। তবে পুলিশ মনে করছে, সম্প্রতি নিরাপত্তা বাহিনীর ‘অপারেশন সারবাকাফ’-এর জেরেই সন্ত্রাসীরা এ ঘটনা ঘটাতে পারে। বাজৌর জেলার পুলিশ কর্মকর্তা ওয়াকাস রফিক জানিয়েছেন, আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) ব্যবহার করে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে এবং এটি একটি টার্গেটভিত্তিক হামলা বলে মনে করা হচ্ছে।
গত সপ্তাহেও প্রদেশে সহিংসতায় পুলিশ এবং সন্ত্রাসীদের মধ্যে প্রাণহানি ঘটেছিল। নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের দমন করতে কঠোর অবস্থান নিয়েছে, তবুও স্থানীয় জনগণের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ক্রিকেট মাঠে হামলার পর এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।
