থাইল্যান্ডের ব্যাংককে চলমান সাফ নারী ফুটসাল টুর্নামেন্টে দুর্দান্ত ছন্দে আছে বাংলাদেশ। সোমবার (১৯ জানুয়ারি) নিজেদের তৃতীয় ম্যাচে নেপালের বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয় তুলে নিয়েছে সাবিনা খাতুনের দল। এই জয়ে শিরোপার দৌড়ে বড় এক ধাপ এগিয়ে গেল লাল-সবুজের মেয়েরা।

ম্যাচের প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। শুরু থেকেই আক্রমণাত্মক খেলায় নেপালকে চাপে রাখে দলটি। অধিনায়ক সাবিনা খাতুন গোল করে দলকে লিড এনে দেন। চলতি টুর্নামেন্টে এটি তার চতুর্থ গোল। প্রথম ম্যাচে জোড়া গোলের পর পরের দুই ম্যাচেই একটি করে গোল করলেন এই ফরোয়ার্ড।

এরপর ব্যবধান দ্বিগুণ করেন কৃষ্ণা রাণী সরকার। দারুণ বল কন্ট্রোলের পর দূরপাল্লার শক্তিশালী শটে নেপালের গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য সাবিনা ও কৃষ্ণা বর্তমানে ব্রিটিশ কোচ পিটার বাটলারের সঙ্গে দূরত্ব তৈরি হওয়ায় মাঠের ফুটবলের বাইরে থাকলেও ফুটসালে নিজেদের পারফরম্যান্সে আলো ছড়াচ্ছেন।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার কমায়নি বাংলাদেশ। একের পর এক আক্রমণে নেপালের রক্ষণভাগ ও গোলরক্ষককে ব্যস্ত রাখে সাবিনারা। শেষ পর্যন্ত লিপি আক্তারের দুর্দান্ত শটে আসে তৃতীয় গোল। ফ্রি কিক থেকে সুমাইয়ার বাড়ানো বলে বক্সের বাইরে থেকে জোরালো শট নেন লিপি। অন্যদিকে নেপালের কিছু পাল্টা আক্রমণ ঠেকিয়ে দেন বাংলাদেশের গোলরক্ষক ঝিলি।

এর আগে প্রথম ম্যাচে ভারতকে ৩-১ গোলে হারায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ভুটানের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে দলটি। নেপালের বিপক্ষে জয়ের ফলে তিন ম্যাচ শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়াল ৭ পয়েন্ট। এতে শিরোপা জয়ের সম্ভাবনা আরও উজ্জ্বল হলো।

সাফ নারী ও পুরুষ ফুটসাল টুর্নামেন্টে মোট সাতটি দল অংশ নিচ্ছে। ছয় ম্যাচ শেষে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দলই হবে চ্যাম্পিয়ন। বাংলাদেশের পুরুষ ফুটসাল দল তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে মঙ্গলবার শ্রীলঙ্কার মুখোমুখি হবে। নারী দলও বুধবার শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের পরবর্তী ম্যাচ খেলবে।

 

news