চ্যাম্পিয়ন্স লিগে দারুণ এক জয় তুলে নিয়েছে আর্সেনাল! মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে সান সিরোতে ইন্টার মিলানকে ৩-১ গোলে হারিয়েছে গানাররা। জেসুসের জোড়া গোলের পাশাপাশি একটি গোল করেছেন ভিক্তর ইয়োকেরেশ। ইন্টারের হয়ে একমাত্র গোলটি শোধ করেন পেতার সুসিচ।
ম্যাচের শুরু থেকেই আক্রমণে আধিপত্য দেখায় আর্সেনাল। প্রথম কয়েকটা চেষ্টা ব্যর্থ হলেও ১০ মিনিটে দলকে এগিয়ে দেন গ্যাব্রিয়েল জেসুস। জুরিয়েন টিম্বারের শট ব্যর্থ হয়ে যাওয়ার পর সেটা নাগালে পেয়ে জালে জড়ান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
কিন্তু ইন্টারও ছাড়েনি। মাত্র ৮ মিনিট পর সমতা ফেরান সুসিচ। লাউতারো মার্তিনেজের বাড়ানো বল প্রথমে মাহকুশ টুহাম ও পরে নিকোলো বারেল্লা জালে পাঠাতে ব্যর্থ হলে ফিরতি বলে ডি-বক্সের বাইরে থেকে কাছের পোস্ট দিয়ে গতিময় শটে গোল করেন সুসিচ।
তবে জেসুসকে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ৩১তম মিনিটে বুকায়ো সাকার কর্নারে দূরের পোস্টে লিয়ান্দ্রো ত্রসারের হেড ক্রসবার ছুঁয়ে ফিরলে সেটা হেড দিয়ে জালে পাঠান জেসুস। এতে আবার এগিয়ে যায় আর্সেনাল।
প্রথমার্ধের শেষদিকে ফেদেরিকো দিমার্কোর গতিময় শট ঠেকিয়ে আর্সেনালের জাল অক্ষত রাখেন গোলরক্ষক দাভিদ রায়া।
দ্বিতীয়ার্ধে দুই দলই লড়াই জমিয়ে তোলে, কিন্তু দুই গোলরক্ষকই দারুণ পারফর্ম করেন। শেষদিকে অবশ্য সোমারকে ব্যর্থ করে আর্সেনালকে তৃতীয় গোল এনে দেন ইয়োকেরেশ। সাকার কাছ থেকে বল পেয়ে গতিময় শটে জাল খুঁজে নেন তিনি। এতে ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত হয় গানারদের।
সাত ম্যাচের সবকটিতে জিতে ২১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে টপ-টু ফিনিশ নিশ্চিত করল আর্সেনাল। আর টানা তিন ম্যাচ হেরে ১২ পয়েন্ট নিয়ে নয় নম্বরে রয়েছে ইন্টার।
