হুঁশিয়ারি, ভারতে না খেলার সিদ্ধান্ত অটল যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, বিশ্বকাপ খেলা বাংলাদেশের অধিকার।
আমাদের ক্রিকেটাররা অনেক কষ্ট করে এই অধিকার আদায় করেছে। আমরা চাই আমাদের ক্রিকেটাররা বিশ্বকাপ খেলুক।
তিনি আরও বলেন, ‘আমরা সবাই চেয়েছি যেন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারি। কারণ আমাদের ক্রিকেটাররা এটা কষ্ট করে অর্জন করেছে।’
আসন্ন আইপিএলে মোস্তাফিজুর রহমান রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্সে খেলার সুযোগ পেয়েছিলেন। কিন্তু ভারতের উগ্র হিন্দুত্ববাদী রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের দাবির মুখে নিরাপত্তা ইস্যুতে বিসিসিআই তাকে বাদ দিয়ে দেয়।
আসিফ নজরুল প্রশ্ন তোলেন, ভারত যদি আইপিএলে একজন বাংলাদেশি ক্রিকেটারকে নিরাপত্তা দিতে না পারে, তাহলে ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে পুরো বাংলাদেশ দল, টিম অফিসিয়াল আর ভক্ত-সমর্থকদের কীভাবে নিরাপত্তা দেবে?
নিরাপত্তা ইস্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভেন্যু পরিবর্তনের জন্য আইসিসিকে অনুরোধ করেছে বিসিবি।
পাকিস্তানের মতো বাংলাদেশও বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় খেলতে চেয়েছিল। কিন্তু আইসিসি সেই সুযোগ দেয়নি।
ক্রিকেটার ও বিসিবি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে যুব ও ক্রীড়া উপদেষ্টা জানান, ‘আমাদের সিদ্ধান্ত পরিবর্তন হওয়ার কোনো স্কোপ নেই। আমরা মনে করি আইসিসির থেকে সুবিচার পাইনি।
আমরা এখনও আশা করব আইসিসি সুবিচার করবে। আমাদের বিশ্বকাপ খেলার অধিকার আছে, শ্রীলঙ্কায় খেলার সুযোগ রয়েছে—এরকম অনেক নজির পৃথিবীতে আছে যে সিকিউরিটি রিস্কের কারণে অন্য ভেন্যুতে খেলা হয়েছে। আমাদের এখানে জেনুইন সিকিউরিটি রিস্ক আছে। আমরা আশা ছাড়িনি। আইসিসি আমাদের এই জেনুইন রিস্ক বিবেচনা করে শ্রীলঙ্কায় খেলার সুযোগ করে দেবে বলে আশা করছি।’
