টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করার হুমকি দিয়ে নতুন করে ক্রিকেটবিশ্বে আলোড়ন তুলেছে পাকিস্তান। এই সিদ্ধান্ত কার্যকর হলে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবে বিষয়টিকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না ভারতের সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় বিশ্লেষক সঞ্জয় মঞ্জরেকর।

মঞ্জরেকরের মতে, এখন আর ভারত-পাকিস্তান ম্যাচ মানেই সেই আগের মতো উত্তেজনা, আবেগ বা নাটক নেই। কারণ শক্তির বিচারে দুই দল আর একই জায়গায় নেই। তিনি বলেন, পাকিস্তান এখন নিয়মিত ভারতের কাছে হারছে, যা দেখে মনে হয় ভারত যেন দুর্বল কোনও দলকে হারাচ্ছে—ক্রিকেটবিশ্বে যাদের ‘লিলিপুট’ বলা হয়।

আগামী ১৫ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ নির্ধারিত ছিল। তবে টুর্নামেন্টের আগেই বড় ঘোষণা দেয় পাকিস্তান সরকার। আজকাল পত্রিকার খবরে বলা হয়, এক নজিরবিহীন সিদ্ধান্তে পাকিস্তান সরকার জানায়—বিশ্বকাপে অংশ নিলেও গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না পাকিস্তান।

পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশের নিরাপত্তাজনিত উদ্বেগের পর আইসিসি টুর্নামেন্ট থেকে বাংলাদেশকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদ হিসেবেই এই অবস্থান। সরকারি ঘোষণায় বলা হয়, “পাকিস্তান ইসলামিক প্রজাতন্ত্রের সরকার আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের জন্য পাকিস্তান ক্রিকেট দলকে অনুমোদন দিচ্ছে।” তবে একই সঙ্গে স্পষ্ট করে জানানো হয়, “১৫ ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে নির্ধারিত ম্যাচে পাকিস্তান দল মাঠে নামবে না।”

ভারত-পাক ম্যাচ প্রসঙ্গে ইনস্টাগ্রামে দেওয়া প্রতিক্রিয়ায় মঞ্জরেকর বলেন,
“ভারত-পাকিস্তান ম্যাচ না হলে বড় কিছু নয়। ম্যাচের আগে যে প্রচার আর নাটক তৈরি করা হয়, সেটার সঙ্গে বাস্তবতার আর মিল নেই। কারণ ভারত আর পাকিস্তান এখন একই লিগে নেই।”

তিনি আরও বলেন, নব্বইয়ের দশক বা তার আগের সময়ে পাকিস্তান ছিল ভয়ংকর শক্তিশালী দল। তখন এই ম্যাচ ছিল সত্যিকারের চ্যালেঞ্জ। কিন্তু এখন পরিস্থিতি বদলেছে। ভারতীয় ক্রিকেট অনেক এগিয়ে গেছে, আর পাকিস্তানের ক্রিকেট পড়তির দিকে। এশিয়া কাপেও সেই চিত্র দেখা গেছে বলে মন্তব্য করেন তিনি।

মঞ্জরেকরের ভাষায়, ভারতীয় ক্রিকেট সিস্টেম আর পাকিস্তান ক্রিকেট সিস্টেমের মধ্যে এখন “জমিন-আসমান পার্থক্য”। যদিও ভারত-পাক ম্যাচ আইসিসির জন্য শুধু একটি খেলা নয়, বরং বিশাল আয়ের উৎস। এই ম্যাচ ঘিরেই আইসিসির কোষাগার ভরে ওঠে। কিন্তু সেই ম্যাচ নিয়েই এখন অনিশ্চয়তা।

পাকিস্তান স্পষ্ট জানিয়ে দিয়েছে—বিশ্বকাপে খেললেও তারা ভারতের বিরুদ্ধে মাঠে নামবে না। এর ফলে আইসিসিকে বড় অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে। তবে মঞ্জরেকরের চোখে, এই ম্যাচ এখন আর বিশেষ কিছু নয়। তার স্পষ্ট বক্তব্য—পাকিস্তান আর আগের সেই শক্তিশালী দল নেই, তারা এখন ক্রিকেটের ‘লিলিপুট’।

 

news