ক্রিকেট বিশ্ব এখন হট্টগোলে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই পাকিস্তানের ভারত ম্যাচ বয়কটের হুমকিতে তোলপাড় পুরো ক্রিকেট অঙ্গন। আইসিসির কোষাগারে বিরাট আর্থিক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। কিন্তু ভারতের সাবেক ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর একেবারেই ভিন্ন কথা বলছেন। তাঁর মতে, ভারত-পাকিস্তান ম্যাচ এখন আর সেই অতীতের উত্তেজনাময় ঘটনা নয়, আর এই ম্যাচ না হলেও বিশ্ব ক্রিকেটে বড় কিছু পরিবর্তন হবে না।
মঞ্জরেকরের কথায়, "ভারত-পাকিস্তান ম্যাচ যদি না-ও হয়, তাতে আসলে খুব বড় কিছু যাবে না। কারণ, এখন এই ম্যাচের আগে যে প্রচার, উত্তেজনা, নাটকীয়তা তৈরি হয়, বাস্তবের ম্যাচটা আর তার সঙ্গে মেলেনা।"
ভারত-পাকিস্তান লড়াইয়ের রোমাঞ্চ নষ্ট হওয়ার পেছনে তিনি কারণও দিয়েছেন স্পষ্ট করে। তাঁর বক্তব্য, "এর কারণ খুবই পরিষ্কার। ভারত আর পাকিস্তান এখন একই লিগে নেই। আগে, মানে নব্বইয়ের দশক বা তারও আগে, পাকিস্তানের বিপক্ষে ম্যাচটা ছিল খুবই চ্যালেঞ্জিং। কারণ তখন পাকিস্তান ছিল খুবই শক্তিশালী একটা দল। কিন্তু এখন সেটা নয়। এখন ভারত নিয়মিতই পাকিস্তানকে হারাচ্ছে। মনে হয় যেন ভারত কোনো দুর্বল দলকে হারিয়ে দিচ্ছে। পাকিস্তানকে আগে হারালে যে আনন্দ পেতাম, সেটা এখন আর পাওয়া যায় না।"
মঞ্জরেকরের মন্তব্য আরও কড়া। তিনি পাকিস্তানকে 'ক্রিকেট বিশ্বের লিলিপুট' হিসেবে উল্লেখ করেছেন। তাঁর মতে, "পাকিস্তান ক্রিকেটের অবস্থা অনেক খারাপের দিকে গেছে। আমরা গত এশিয়া কাপেও সেটা দেখেছি। ভারতীয় ক্রিকেট সিস্টেম আর পাকিস্তানের ক্রিকেট সিস্টেমের মধ্যে তুলনা করলে আসমান-জমিন পার্থক্য দেখা যাবে।"
১৫ ফেব্রুয়ারি কলম্বোয় ভারত-পাকিস্তানের মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু পাকিস্তান সরকার বাংলাদেশ দলকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছে। যদিও তারা পুরো টুর্নামেন্ট থেকে সরে আসেনি।
একটা সময় ছিল যখন ভারত-পাকিস্তান ম্যাচ শুধু একটা খেলা নয়, একটা 'ইভেন্ট' হয়ে দাঁড়াত। সেই একটি ম্যাচই আইসিসির রাজস্বের বড় উৎস ছিল। কিন্তু মঞ্জরেকরের মতে, সেই জাদু এখন আর নেই। পাকিস্তানের ক্রিকেটের ধারাবাহিক দুর্বলতা এবং ভারতের ক্রমাগত শ্রেষ্ঠত্বই এর প্রধান কারণ। ফলে, তাঁর যুক্তি, পাকিস্তান ম্যাচ বয়কট করলেও তা এখন আর 'বিশ্ব সংকট' নয়, বরং ক্রিকেটের বাণিজ্যিক বাস্তবতা থেকেই এটি একটি প্রাসঙ্গিক ঘটনা মাত্র।
