মধ্যপ্রাচ্যের সংঘাত নাড়িয়ে দিয়েছে গোটা দুনিয়াকে। এর প্রভাব পড়ছে ক্রীড়াঙ্গনেও। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ হওয়ার কথা থাকলেও তা এখন অনিশ্চয়তায় পড়ে গেছে।

সূচি অনুযায়ী আগামী ১১, ১৩ এবং ১৫ই মার্চ হওয়ার কথা বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের ওয়ানডে সিরিজ । কিন্তু বর্তমান আঞ্চলিক অস্থিরতার কারণে পাকিস্তান দলের বাংলাদেশ সফর নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও সুপারের এক প্রতিবেদনে জানা গেছে । সূত্রের বরাতে জানা গেছে, ভ্রমণ নিয়ে অনিশ্চয়তা বা নিরাপত্তাজনিত ঝুঁকি না থাকলেই কেবল পাকিস্তান দল বাংলাদেশ সফর করবে । ফলে বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করতে বিলম্ব হচ্ছে।

৮ মার্চ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল। তবে এবারের বিশ্বকাপে সুপার এইটে থেমে গেছে পাকিস্তানের পথচলা। সূত্রের বরাতে জিও সুপার জানিয়েছে, পিসিবির নির্বাচক কমিটি দলে একগাদা পরিবর্তন আনার চিন্তা করছে। বাবর আজম, মোহাম্মদ নাওয়াজ, সাইম আইয়ুবদের মতো ক্রিকেটারদের কপাল পুড়তে পারে। মূলত ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ মাথায় রেখেই মূলত দলে পরিবর্তন আনা হচ্ছে। বর্তমানে পাকিস্তানের ওয়ানডে দলকে নেতৃত্ব দিচ্ছেন শাহিন শাহ আফ্রিদি।

তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, তারা এখন পর্যন্ত পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছ থেকে সফর স্থগিতের কোনো আনুষ্ঠানিক চিঠি পায়নি । বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন সাংবাদিকদের বলেছেন, "তারা যদি এমন অবস্থায় পড়ে যে ভ্রমণ করতে পারছে না, তাহলে আমরা কিছু করতে পারব না। কিন্তু এখন পর্যন্ত পিসিবির কাছ থেকে আমরা এ বিষয়ে কোনো চিঠি পাইনি" । তাঁর মতে, নির্ধারিত সময় অনুযায়ী সিরিজ আয়োজনের সব প্রস্তুতি নিয়েছে বিসিবি ।

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের তুমুল যুদ্ধের কারণে জিম্বাবুয়ে ক্রিকেট দল এখন ভারতে আটকা পড়েছে । দুবাইয়ের পাম জুমেইরা রিসোর্টে হামলা করার কারণে ইংল্যান্ড লায়নসের ২৫ জনের বহরও আটকা পড়েছে দুবাইয়ে । তবে মুশফিকুর রহিম আজ সকালে সৌদি আরব থেকে দেশে ফিরে টাইগারপ্রেমীদের স্বস্তির খবর দিয়েছেন ।

 

news