নিউজিল্যান্ড আবারো আইসিসি ফাইনালে। আগামীকাল (রোববার) আহমেদাবাদে টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপার লড়াইয়ে তারা মুখোমুখি হবে ভারতের। কিউইদের ভারতের বিপক্ষে রেকর্ড সবসময় শক্তিশালী, কিন্তু আইসিসির সাদা বলের ক্রিকেটে ইতিহাস তাদের পক্ষে খুব একটা নেই।

সফলতা পেতে না পারার কারণে প্রায়ই দক্ষিণ আফ্রিকাকে ‘চোকার্স’ বলা হয়। কিন্তু প্রোটিয়া পেস লিজেন্ড ডেল স্টেইন মনে করেন, এই তকমা নিউজিল্যান্ডকেই বেশি মানায়।

ইউটিউবে এবি ডি ভিলিয়ার্সের সঙ্গে আড্ডায় স্টেইন নিউজিল্যান্ডকে সতর্ক করে বলেছেন, ভারতের বিপক্ষে জিততে হবে। নয়তো আনুষ্ঠানিকভাবে তারা ‘চোকার্স’ তকমা পাবেন।

স্টেইনের বক্তব্য, “দেখো, এখানে সত্যি একটা কথা বলি– নিউজিল্যান্ড। সবাই দক্ষিণ আফ্রিকাকে চোকার্স ডাকতে পছন্দ করে, কিন্তু আমি বলছি– নিউজিল্যান্ড বিশ্বকাপে খুব একটা শিরোপা জেতেনি। অথচ আমাদের চেয়ে তারা বেশি ফাইনাল খেলেছে। তাই নিউজিল্যান্ড, দয়া করে এবার জিতো।”

স্টেইন আরও যোগ করেন, “নইলে আমি আনুষ্ঠানিকভাবে এই তকমা তোমাদের হাতে হস্তান্তর করব: এটা তোমাদের। আমি নিউজিল্যান্ডকে ভালোবাসি, কিন্তু তারা ভারতকে হারায়নি। আমি সত্যিই চাই তারা জিতুক।”

২০০০ সালে আইসিসি নকআউট ট্রফি জয় করার পর থেকে নিউজিল্যান্ড মোট আটটি আইসিসি ফাইনালে খেলেছে। এর মধ্যে মাত্র একটি জিতেছে— ভারতের বিপক্ষে ২০২১ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে।

 

news