আগামীকাল রোববার টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। শিরোপা নির্ধারণী ম্যাচে কে ম্যাচসেরা হবেন তা নিয়ে আগেই ভবিষ্যদ্বাণী করেছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক। তিনি মনে করছেন, জাসপ্রিত বুমরাহই ফাইনালের প্লেয়ার অব দ্য ম্যাচ হবেন।

ক্লার্ক বুমরাহকে সম্ভাব্য ‘গেম চেঞ্জার’ হিসেবে দেখছেন। গত বৃহস্পতিবার ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে দলের প্রয়োজনীয় সময়ে বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন বুমরাহ। ভারত শেষপর্যন্ত মাত্র ৭ রানে জিতে ফাইনালের টিকিট পায়।

আসর জুড়ে বুমরাহর ধারাবাহিক বোলিংয়ের প্রশংসা করে ক্লার্ক বলেন, “চাপের মুহূর্তে গুরুত্বপূর্ণ পারফরম্যান্স করার অসাধারণ ক্ষমতা আছে বুমরাহর। সেমিফাইনালে ১৬তম ওভারে ৮ রান, ১৮তম ওভারে মাত্র ৬ রান দিয়ে ভারতের জয় নিশ্চিত করেছেন। যদি এই দুই ওভারে ১৪ রান বেশি হতো, ভারত হেরে যেত।”

এক ক্রিকেট পডকাস্টে ক্লার্ক বলেন, “চাপের মুখে নিজের সেরা দক্ষতায় বল করা বুমরাহকে বিশ্বের সেরা বোলার করেছে। প্রচুর বৈচিত্র থাকা সত্ত্বেও সেগুলো সঠিক সময়ে প্রয়োগ করাটাই তার আসল শক্তি। ফাইনালে বুমরাহ ম্যাচসেরা হলে আমি অবাক হব না।”

ক্লার্কের মতে, “ভারতই এ বারের বিশ্বকাপের সেরা দল। তারা দুর্দান্ত খেলছে। বুমরাহর ব্যাপারে হয়তো খুব বেশি আলোচনা হয়নি, কারণ আমরা এমন পারফরম্যান্সই আশা করি। তিন ফরম্যাটেই তিনি ম্যাচ উইনার—কঠিন পরিস্থিতিতেও রান আটকান এবং উইকেটও নেন। চাপের মুখে তার নিখুঁত বোলিং বিশ্বে কেউ করতে পারে না।”

তিনি আরও যোগ করেন, “বুমরাহর ঝুলিতে অনেক অস্ত্র আছে। যেমন সেরা ব্যাটাররা চাপের মুখে রান করে, বুমরাহও বল হাতে ঠিক তাই করে। যদি আমি তার ক্যাপ্টেন হতাম, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হত কখন এবং কোথায় তাকে ব্যবহার করা। তিনি সত্যিই অসাধারণ।”

 

news