টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার ধাক্কা ভুলতে নতুন সিরিজে মাঠে নামছে পাকিস্তান। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ইতোমধ্যে বাংলাদেশে পৌঁছেছে দলটি। সোমবার সংবাদ সম্মেলনে সিরিজ জয়ের লক্ষ্য ঘোষণা করেন দলের প্রধান কোচ মাইক হেসন।
হেসন বলেন, “এটি রোমাঞ্চকর একটি দল। এখানে কিছু নতুন মুখ আছে যারা ‘শাহীনস’-এ ভালো করেছে এবং পরবর্তী স্তরে সুযোগ পাওয়ার যোগ্যতা অর্জন করেছে। তাদের অন্তর্ভুক্ত করতে পেরে আমরা আনন্দিত।”
তিনি আরও বলেন, “অবশ্যই আগের চেয়ে অনেক ভালো পিচ এবং ঘাসও ভালো দেখাচ্ছে। কিছুদিন ধরে এখানকার পিচ ভালো ছিল না, তবে বিপিএলেও আমরা দেখেছি পিচগুলো অনেক ভালো। মনে হচ্ছে ঘাস বেশি আছে এবং ব্যাট ও বলের মধ্যে সত্যিকারের লড়াই হবে। দুই দলই এতে উপকৃত হবে। দুই দলই ভালো উইকেটে খেলতে চায় এবং চ্যালেঞ্জ নিতে চায়।”
হোয়াইটওয়াশের সম্ভাবনা নিয়ে হেসন বলেন, “অবশ্যই আমরা পারি বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হারাতে। কিন্তু আমরা বাংলাদেশকে তাদের কন্ডিশনে বিশেষ সম্মান করি। এখানকার কন্ডিশন টি-টোয়েন্টি সিরিজের তুলনায় অনেক ভিন্ন। দুই দলই ব্যাটিং ও বোলিংয়ে চ্যালেঞ্জের মুখে পড়বে। বাংলাদেশ সাম্প্রতিক সময়ে অনেক ৫০ ওভারের ক্রিকেট খেলছে, তাই আমাদের দীর্ঘ ফরম্যাটের সাথে দ্রুত মানিয়ে নিতে হবে।”
তিনি যোগ করেন, “আমাদের চ্যালেঞ্জ হলো এখানকার পিচের সাথে দ্রুত মানিয়ে নেওয়া। আমাদের নিশ্চিত করতে হবে যে, বাংলাদেশের নিজেদের কন্ডিশনে আমরা তাদের চ্যালেঞ্জ করার মতো প্রস্তুত দল নিয়ে মাঠে আছি।”
