গেল বছর বাংলাদেশ সফরে মিরপুরের উইকেট নিয়ে সমালোচনা করেছিলেন পাকিস্তানের কোচ মাইক হেসন। বছর না ঘুরতেই আবারও বাংলাদেশে সিরিজ খেলতে এসেছে পাকিস্তান। প্রথম ওয়ানডের আগে মিরপুরের উইকেট দেখে এবার স্বস্তি প্রকাশ করলেন হেসন।
সোমবার সংবাদ সম্মেলনে হেসন বলেন, “অতীতের চেয়ে এবার বেশি ঘাস দেখতে পেলাম। মাঝখানের ওভারগুলোতে স্পিনে ভরসা করা লাগতে পারে। সেক্ষেত্রে উইকেট থেকে উইকেট নেওয়ার সুযোগ তৈরি হবে। সবই নির্ভর করছে উইকেটের অবস্থার ওপর।”
তিনি আরও বলেন, “হ্যাঁ, এবার উইকেট আগের চেয়ে অনেক ভালো। দুর্ভাগ্যবশত অনেক দিন ধরেই এখানে ভালো পিচ পাওয়া যায়নি। বিপিএলেও দেখেছি ভালো পিচ ছিল। উইকেটে অনেক ঘাস আছে। ব্যাট ও বলের মধ্যে জেনুইন কন্টেস্ট হচ্ছে। আশা করি দুই দলই উপকৃত হবে।”
বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্সও উইকেট নিয়ে আশাবাদী। তিনি বলেন, “উইকেট এখন ভালোই লাগছে। বিপিএলের শেষ দিকে বা দুই দিন আগে এখানে যে খেলা হয়েছে, এখনও ভালো উইকেট মনে হচ্ছে। ক্রিকেটাররাও ভালো উইকেটে খেলতে চায়। এবার তা-ই আছে বলে মনে হচ্ছে।”
