ভারত-পাকিস্তানের ক্রিকেটের শত্রুতার কথা নতুন করে বলার কিছু নেই। তবে ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি লিগ দ্য হানড্রেড-এ অবাক করার মতো ঘটনা ঘটেছে। আইপিএলের মালিকানাধীন দল সানরাইজার্স লিডস দলে নেওয়া হয়েছে পাকিস্তানের স্পিনার আবরার আহমেদকে।
সানরাইজার্স হায়দরাবাদের মালিক চেন্নাই ভিত্তিক মিডিয়া জায়ান্ট সান গ্রুপ। তাদেরই মালিকানাধীন দল সানরাইজার্স লিডস। দ্য হানড্রেডে প্রথম পাকিস্তানি খেলোয়াড় হিসেবে ভারতীয় মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিতে বিক্রি হলেন আবরার। ট্রেন্ট রকেটসের সঙ্গে লড়াই করে ১ লাখ ৯০ হাজার পাউন্ডে তাকে কিনে লিডস।
নিলামে উপস্থিত ছিলেন সানরাইজার্স হায়দরাবাদের সহ-মালিক কাব্য মারান। অনুষ্ঠান শেষে পাকিস্তানি খেলোয়াড়কে কেনার বিষয়ে মুখ খুলেছেন দলের প্রধান কোচ ড্যানিয়েল ভেট্টরি।
ভেট্টরি বলেন, “আবরার তার বৈচিত্র্য এবং ক্ষমতার কারণে অনন্য। অনেক ঘরোয়া ক্রিকেটারও তাকে আগে সেভাবে দেখেনি।” তিনি আরও বলেন, পাকিস্তানি খেলোয়াড়দের নিয়ে যে জল্পনা ছিল, তা সম্পর্কে তিনি অবহিত ছিলেন, তবে তাকে দলে নেওয়ার ক্ষেত্রে কোনো বিশেষ নির্দেশনা দেওয়া হয়নি।
প্রধান কোচ আরও বলেন, “নিলামে প্রতিটি খেলোয়াড়ই আমাদের জন্য উন্মুক্ত ছিল। আন্তর্জাতিক দলে থাকা অনেক স্পিনারের মধ্যেও আবরারই আমাদের অগ্রাধিকার ছিল।”
নিলামে বিক্রি হওয়া দ্বিতীয় পাকিস্তানি খেলোয়াড় ছিলেন আবরার। তার আগে বার্মিংহাম ফিনিক্স ১৪০,০০০ পাউন্ডে উসমান তারিককে দলে নেয়। তবে ফিনিক্স দলের আইপিএলের সঙ্গে কোনো সংযোগ নেই।
