বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অধীনে অনুষ্ঠিত লেভেল-থ্রি কোচিং কোর্সের ফলাফল প্রকাশিত হয়েছে। ২০২৫ সালের সেপ্টেম্বরে অনুষ্ঠিত এই কোর্সে অংশ নেওয়া ৩০ জন কোচই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বলে জানিয়েছে বোর্ড সূত্র।
আজ বুধবার আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণকারীদের হাতে সার্টিফিকেট তুলে দেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।
ফলাফলে প্রথম স্থান অর্জন করেছেন সাবেক জাতীয় ক্রিকেটার আব্দুর রাজ্জাক। দ্বিতীয় হয়েছেন হান্নান সরকার। আর তৃতীয় স্থানে যৌথভাবে রয়েছেন শাহরিয়ার নাফীস ও ডলার মাহমুদ।
এই কোর্সে অংশ নেওয়া উল্লেখযোগ্য কোচদের মধ্যে ছিলেন শাহরিয়ার নাফীস, হান্নান সরকার, তালহা জুবায়ের, রাজিন সালেহ, আব্দুর রাজ্জাক, রবিউল ইসলাম, ডলার মাহমুদ, তুষার ইমরান, আলমগীর কবির, জাভেদ ওমর, নাজমুল হোসেন, ফাতেমা জোহরা, জাহাঙ্গীর আলম ও মন্টু দত্তসহ আরও অনেকে।
দীর্ঘ ১৬ বছর পর বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে এই লেভেল-থ্রি কোচিং কোর্স। সর্বশেষ ২০০৯ সালে এই কোর্স হয়েছিল আইসিসি-এসিসির উদ্যোগে। তবে এবার প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিজ উদ্যোগে আয়োজন করে এই উচ্চ পর্যায়ের কোচিং প্রোগ্রাম।
গত ১৫ সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত চলা এই কোর্সে অস্ট্রেলিয়ার অভিজ্ঞ প্রশিক্ষকরা প্রশিক্ষণ দিয়েছেন অংশগ্রহণকারীদের।
বাংলাদেশ ক্রিকেটে কোচিং উন্নয়নের ক্ষেত্রে এই কোর্সকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
