বাংলাদেশ ক্রিকেটে নতুন করে পরিবর্তনের হাওয়া বইছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) তামিম ইকবাল সভাপতির দায়িত্ব নেওয়ার পর থেকেই। দায়িত্ব গ্রহণের পর থেকেই একের পর এক সিদ্ধান্তে সক্রিয়তা দেখাচ্ছেন তিনি, যার প্রভাব ইতোমধ্যেই মাঠ ও মাঠের বাইরে অনুভূত হচ্ছে।
এরই ধারাবাহিকতায় এবার সাবেক অধিনায়কদের সম্মান জানাতে নতুন এক উদ্যোগ নিয়েছে বিসিবি। আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজন করা হচ্ছে বিশেষ অনুষ্ঠান—‘ক্যাপ্টেনস কার্ড হস্তান্তর অনুষ্ঠান’।
বিসিবি সভাপতি তামিম ইকবাল খানের সরাসরি তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন সময়ের সাবেক ক্রিকেট অধিনায়করা একসঙ্গে উপস্থিত হবেন। সেখানে তাদের হাতে তুলে দেওয়া হবে বিশেষ ‘ক্যাপ্টেনস কার্ড’। পরিকল্পনা অনুযায়ী, বাংলাদেশের জার্সিতে অন্তত একটি আন্তর্জাতিক ম্যাচে যারা অধিনায়কত্ব করেছেন, সবাই এই কার্ডের আওতায় আসবেন।
বিসিবি সূত্রে জানা গেছে, এই উদ্যোগের মাধ্যমে সাবেক অধিনায়কদের জন্য বিশেষ সুযোগ-সুবিধা নিশ্চিত করার পরিকল্পনা করা হচ্ছে। শুধু তাই নয়, ৫০ বছরের বেশি বয়সী সাবেক অধিনায়কদের জন্য আলাদা ‘হেলথ কার্ড’ চালুর বিষয়টিও আলোচনায় রয়েছে, যা তাদের চিকিৎসা সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এদিকে দেশের ক্রীড়াঙ্গনের সার্বিক পরিস্থিতি উন্নত করতে নানা উদ্যোগ চলছে। এর অংশ হিসেবে ক্রীড়াবিদদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে চালু করা হয়েছে ‘ক্রীড়া কার্ড’। গত ৩০ মার্চ তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১২৯ জন ক্রীড়াবিদের হাতে এক লাখ টাকা করে ভাতা প্রদান করা হয়। এছাড়া কিছু ক্রীড়াবিদকে মাসিক ভাতা দেওয়ার পরিকল্পনাও রয়েছে, যা আগামী চার মাস পর্যন্ত অব্যাহত থাকবে এবং পরে পারফরম্যান্স অনুযায়ী মূল্যায়ন করা হবে।
সব মিলিয়ে, নতুন এই উদ্যোগগুলো দেশের ক্রিকেট ও ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
