ভারতীয় তারকা পেসার জাসপ্রিত বুমরাহ যেন ভুলে যাওয়ার মতো এক আইপিএল আসর পার করছেন। গতকাল (বুধবার) সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে মুম্বাই ইন্ডিয়ান্সের হারার ম্যাচেও তিনি ছিলেন ব্যাটারদের কাছে অনেকটাই খরুচে।
৪ ওভারে ৫৪ রান দিয়ে উইকেটশূন্য থাকেন বুমরাহ। তার স্লোয়ার বল সহজেই সীমানাছাড়া করেন অভিষেক শর্মা। ট্রাভিস হেডও তার বলেই ৯৯ মিটার ছক্কা হাঁকান। পাওয়ার প্লের দুই ওভারেই দেন ৩২ রান।
আইপিএলে পাওয়ার প্লেতে এটিই তার সবচেয়ে ব্যয়বহুল স্পেলগুলোর একটি। পরের স্পেলে এসে হেইনরিখ ক্লাসেনের হাতে এক্সট্রা কাভার দিয়ে ছক্কা হজম করেন তিনি। নীতিশ কুমার রেড্ডি তার স্লোয়ার বল স্কয়ার লেগ দিয়ে সহজেই খেলেন।
সবশেষে সলিল অরোরার নো-লুক ছক্কায় আবারও মার খেতে হয় বুমরাহকে। ম্যাচে মোট পাঁচটি ছক্কা হজম করে আইপিএলে নিজের তৃতীয় সর্বোচ্চ খরুচে দিন কাটান এই পেসার। যদিও ২৪৪ রানের লক্ষ্য তাড়ায় হায়দরাবাদের ব্যাটাররা মুম্বাইয়ের প্রায় সব বোলারকেই ছাড় দেন।
চলতি আইপিএলে এখন পর্যন্ত ৮ ম্যাচে বুমরাহর পরিসংখ্যান একেবারেই হতাশাজনক—মাত্র ২ উইকেট, গড় ১৩২ এবং ইকোনমি রেট ৮.৮০। অথচ তার টি-টোয়েন্টি ক্যারিয়ারে গড় ২৩.২১ আর ইকোনমি ৭.৩৩।
যে বুমরাহকে দীর্ঘদিন ধরে বিশ্বের অন্যতম সেরা ডেথ ওভারের বোলার হিসেবে ধরা হয়, সেই তিনিই এবার ধারাবাহিকভাবে রান খরচ করছেন। তার গড় গতিও নেমে এসেছে ঘণ্টায় প্রায় ১৩২.১ কিলোমিটারে।
তার এই ফর্ম নিয়ে বিশ্লেষকদের মধ্যে চলছে নানা আলোচনা। সাবেক ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন মনে করেন, শুধু উইকেট না পাওয়া দিয়ে বিষয়টা বিচার করা ঠিক নয়। তার মতে, ইয়র্কার দিয়ে রান আটকে রাখাও অনেক সময় উইকেটের চেয়েও গুরুত্বপূর্ণ।
অন্যদিকে সাবেক পেসার ও বর্তমানে ধারাভাষ্যকার ইরফান পাঠান বলছেন, বুমরাহর বড় কোনো সমস্যা নেই। তার মতে, “তার গড় গতি কিছুটা কমেছে, তবে স্লোয়ার বলের ব্যবহার কমালে সে আগের মতোই কার্যকর হতে পারে।”
মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিং কোচ কাইরন পোলার্ডও বুমরাহকে সমর্থন করে বলেছেন, প্রত্যেক খেলোয়াড়েরই খারাপ সময় যায়। তিনি মনে করিয়ে দেন, বুমরাহ বছরের পর বছর ধরে দলের জন্য অসাধারণ পারফর্ম করে আসছেন।
পোলার্ড আরও বলেন, “সে এখনও ভারতের এবং মুম্বাইয়ের নম্বর ওয়ান বোলার। শুধু এই সময়টা একটু কঠিন যাচ্ছে।”
সব মিলিয়ে বুমরাহর এই ফর্ম নিয়ে প্রশ্ন উঠলেও বিশেষজ্ঞরা মনে করছেন, এটি সাময়িক ধাক্কা হতে পারে, দীর্ঘমেয়াদি সমস্যা নয়।
