জাতীয় দলের জন্য প্রতিভা তৈরি করে দেওয়ার কাজটা অনেকটাই করে দেয় হাই-পারফরম্যান্স (এইচপি) বিভাগ। তাই প্রতি বছর এই বিভাগের জন্য আলাদা করে সাজানো হয় খেলার সূচি। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। বরং বড় পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

জানা গেছে, এইচপির প্রধান কোচ হচ্ছেন মোহাম্মদ সালাউদ্দিন। জাতীয় দলের সঙ্গে কাজ করা এই কোচের ওপরেই ভরসা রাখছে বিসিবি। বিসিবি সভাপতি তামিম ইকবালের সঙ্গেও কথা হয়েছে সালাউদ্দিনের। আসন্ন পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ শেষেই তিনি ছাড়বেন জাতীয় দলের দায়িত্ব। এরপর পুরো মনোযোগ থাকবে এইচপি বিভাগে।

আর এবারের এইচপিতে বয়সের বাধা থাকছে না। লাল বল আর সাদা বল মিলিয়ে মোট ক্রিকেটার থাকবেন ৩৫ জন। সালাউদ্দিনের সঙ্গে কোচ হিসেবে থাকছেন সোহেল ইসলাম, মিজানুর রহমান বাবুল, রাজিন সালেহ ও তালহা জুবায়েরের মতো অভিজ্ঞরা।

সব ঠিক থাকলে এইচপির প্রথম অ্যাসাইনমেন্ট হবে জিম্বাবুয়ের বিপক্ষে। আগামী ১ জুন থেকে শুরু হবে ক্যাম্প। ৩ জুন জিম্বাবুয়ে ‘এ’ দল বাংলাদেশ সফরে আসছে। ৮, ১০ ও ১৩ জুন ওয়ানডে সিরিজ হবে বগুড়া ও রাজশাহীতে। তারপর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দুটি চারদিনের ম্যাচ।

এরপর জুলাইয়ে এইচপি দল সফর করবে দক্ষিণ আফ্রিকায়। সেখানে তিনটি ওয়ানডে ও দুটি চারদিনের ম্যাচ খেলবে তারা। ১৫ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত থাকবে অস্ট্রেলিয়া সফর। সেখানে টপ এন্ড টি-টোয়েন্টির পর দুটি চারদিনের ম্যাচ। পাশাপাশি ইমার্জিং এশিয়া কাপেও এইচপির ক্রিকেটাররা অংশ নেওয়ার কথা রয়েছে।

 

news