দিনে ১০ কোটি ব্যবহারকারীর রেকর্ড বিং সার্চ ইঞ্জিনের
কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর আলোচিত চ্যাটবট চ্যাটজিপিটি সমৃদ্ধ সার্চ ইঞ্জিনটি ২০০৯ সালে যাত্রা শুরুর পর বিগত এক যুগের বেশি সময় ধরে এক দিনে এত ব্যবহারকারী পায়নি সার্চ ইঞ্জিনটি।
এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, সার্চ ইঞ্জিনটির ব্যবহারকারীর সংখ্যা বেড়ে যাওয়ার পেছনে দুটি কারণকে কৃতিত্ব দিয়েছে কোম্পানিটি। এর প্রথমটি হলো এজ ব্রাউজারের ব্যবহার বেড়ে যাওয়া এবং অপরটি ‘প্রমিথিউস’ নামের এআই মডেল ব্যাবহার করা।
‘প্রমিথিউস’ মডেলটি সার্চ ফলাফলে তুলনামূলক প্রাসঙ্গিক উত্তর দেয়।
বিংয়ের প্রিভিউ সংস্করণ প্রতি সেশনে গড়ে তিনটি করে চ্যাটিং বা কথোপকথন দেখতে পেয়েছে মাইক্রোসফট। নতুন সংস্করণের বিং চালুর পর থেকে এতে এখন পর্যন্ত সাড়ে চার কোটির বেশি কথোপকথন হয়েছে। আর সকল চ্যাটিং সেশনের ১৫ শতাংশ ব্যবহারকারীই নতুন কনটেন্ট তৈরির উদ্দেশ্যে বিং ব্যবহারের কথা প্রতিবেদনে উল্লেখ করেছে এনগ্যাজেট।
মাইক্রোসফটের ‘মডার্ন লাইফ, সার্চ অ্যান্ড ডিভাইসেস’ বিভাগের ভাইস প্রেসিডেন্ট ইউসুফ মেহদি বলেন, 'আমরা বিংয়ের এ সাফল্য উপভোগ করছি। তবে এ সংখ্যা আমাদের জন্য রেকর্ড হলেও ব্রাউজার হিসেবে শীর্ষে যেতে এটি উল্লেখযোগ্য কিছু নয়। আমাদের আরও অনেক পথ পাড়ি দিতে হবে।'
তিনি বলেন, 'আগে কখনও বিং ব্যবহার করেননি এমন ইন্টারনেট ব্রাউজাররাও সার্চ ইঞ্জিনটিতে আসছেন। অনেকে এখন নিয়মিত বিং ব্যবহার করছেন। বিংয়ে সার্চ করেন এমন ব্যবহারকারীর মধ্যে এক-তৃতীয়াংশই নতুন। এটি আমাদের জন্য নতুন অভিজ্ঞতা। আমরা ব্যবহারকারীদের জন্য সার্চ ও গতানুগতিক উত্তরের বাইরে এসে চ্যাটিং অভিজ্ঞতা যোগ করেছি। বিষয়টি ব্যবহারকারীদের জন্য উপভোগ্য হয়ে উঠেছে।'
এনবিএস/ওডে/সি