ফেসবুকে চাকরি পেলেন বাঙালি ছাত্র

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বিশাখ মণ্ডল ফেসবুকে চাকরি পেয়েছেন। তার বার্ষিক বেতনের প্যাকেজ ১ কোটি ৮০ লাখ রুপি। তিনি গুগল ও আমাজন থেকেও চাকরির প্রস্তাব পেয়েছিলেন। কিন্তু বেশি বেতনের কারণে শেষ পর্যন্ত ফেসবুকের চাকরির প্রস্তাবটিই বেছে নেন তিনি। 

বিশাখ মণ্ডল ফেসবুক থেকে বার্ষিক যে বেতন প্যাকেজ পাবেন, তা বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ১৩ লাখ টাকার সমান। চলতি বছর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী বিদেশি কোম্পানিতে চাকরির প্রস্তাব পেয়েছেন। তাদের মধ্যে সর্বোচ্চ বেতন প্যাকেজ বিশাখ মণ্ডলের। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী বিশাখ মণ্ডল। ফেসবুকে তার কর্মস্থলে হবে লন্ডন। সেপ্টেম্বরে তিনি লন্ডন যাবেন।

বিশাখ মণ্ডলের বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, তিনি গত মঙ্গলবার রাতে ফেসবুক থেকে চাকরির প্রস্তাবটি পান। বিশাখ মণ্ডল বলেন, করোনা মহামারিকালে গত দুই বছর তিনি বেশ কয়েকটি প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ করেন। সেই সুবাদে তিনি তার পাঠ্যক্রমের বাইরের জ্ঞান অর্জনের সুযোগ পান। এই বিষয়ই তাকে চাকরির সাক্ষাৎকারে ভালো করতে সাহায্য করেছে।

বিশাখ মণ্ডলের বাড়ি বীরভূম জেলায়। জেলার একটি সাধারণ পরিবারে তার জন্ম, বেড়ে ওঠা। বিশাখ মণ্ডলের মা শিবানী। তিনি গ্রামীণ শিশুযত্ন কেন্দ্রের (অঙ্গনওয়াড়ি) একজন কর্মী। 

Walton Ads