NBS বাংলা | ২৪/৭ সর্বশেষ সংবাদ ও আপডেট | অন্যান্য খবর — 17 November 2026, 7:17 PM
টানা দরপতনের ধাক্কা সামলে ঘুরে দাঁড়াচ্ছে শেয়ারবাজার

দরপতনের টানা ধাক্কা সামলে দেশের শেয়ারবাজারে ঘুরে দাঁড়ানোর লক্ষণ দেখা যাচ্ছে। গত দুই কর্মদিবসে সূচক ও লেনদেন বাড়লেও শেয়ারদরের উত্থান ছিল সীমিত কয়েকটি প্রতিষ্ঠানের মধ্যে। তবে আজ মঙ্গলবার বাজারের চিত্রে কিছুটা পরিবর্তন এসেছে। এদিন লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। পাশাপাশি প্রধান সূচকের সঙ্গে বেড়েছে টাকার অঙ্কে লেনদেনও। এতে বাজারে ইতিবাচক প্রবণতার বিস্তার ঘটেছে।
তবে এক দিনের উত্থানেই বাজারের পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে, এমনটা বলার সুযোগ নেই। দীর্ঘদিনের দরপতনে বিনিয়োগকারীদের মধ্যে যে অনিশ্চয়তা ও আস্থার সংকট তৈরি হয়েছে, তা কাটিয়ে ওঠা এখনো বড় চ্যালেঞ্জ। বাজারের এই ইতিবাচক ধারা কত দিন ধরে রাখা যায়, সেটিই এখন দেখার বিষয়।
বাজারসংশ্লিষ্টদের মতে, বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পর একপর্যায়ে দেশের শেয়ারবাজারে সূচক ও লেনদেনে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গিয়েছিল। ধারাবাহিক উত্থানে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক প্রায় ৬ হাজার পয়েন্টের কাছাকাছি পৌঁছে যায়। তখন আরও এক-দুই দিন উত্থান অব্যাহত থাকলে সূচকটি ৬ হাজার পয়েন্টের মাইলফলক অতিক্রম করতে পারত। কিন্তু পরবর্তী সময়ে ধারাবাহিক দরপতনে সেই অবস্থান থেকে অনেকটাই পিছিয়ে পড়ে বাজার।
তাদের ভাষ্য, সাম্প্রতিক সময়ে সূচক ও লেনদেনে ইতিবাচক প্রবণতা দেখা গেলেও বিনিয়োগকারীদের মধ্যে এখনো সতর্কতা রয়েছে। দীর্ঘদিনের লোকসান ও দরপতনের অভিজ্ঞতার কারণে অনেকেই নতুন করে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছেন না। এ অবস্থায় বাজারের উত্থান অব্যাহত রেখে প্রধান সূচক আবারও ৬ হাজার পয়েন্ট অতিক্রম করতে পারলে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে বিনিয়োগকারীদের সক্রিয় অংশগ্রহণ বাড়লে বাজারের লেনদেনেও গতি ফিরতে পারে।
আজ মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কর্মদিবসে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৮ দশমিক ৫০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৯১ দশমিক ৭৮ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের কর্মদিবসে সূচকটি ছিল ৫ হাজার ৪৬৩ দশমিক ২৮ পয়েন্ট।
এদিন ডিএসইর শরিয়াহ সূচক ডিএসইএস ৬ দশমিক ৫০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৫ দশমিক ৪৩ পয়েন্টে অবস্থান করছে। আর বাছাই করা ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ৮ দশমিক ০১ পয়েন্ট বেড়ে ২ হাজার ৮৩ দশমিক ৪৩ পয়েন্টে দাঁড়িয়েছে।
দিনটিতে ডিএসইতে মোট ৩৬৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ২৪৬টির দাম বেড়েছে, কমেছে ৭৫টির এবং অপরিবর্তিত ছিল ৪৬টির দাম। অর্থাৎ দরপতনের তুলনায় তিন গুণেরও বেশি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বাজারের উত্থান যে শুধু কয়েকটি প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ ছিল না, এই চিত্রে তা স্পষ্ট হয়েছে।
লেনদেনের পরিমাণও বেড়েছে। মঙ্গলবার ডিএসইতে মোট ৯৩৯ কোটি ৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কর্মদিবসে লেনদেনের পরিমাণ ছিল ৭৯৮ কোটি ৭৩ লাখ টাকা। সে হিসাবে এক দিনের ব্যবধানে লেনদেন বেড়েছে ১৪০ কোটি ৩৪ লাখ টাকা।
অন্যদিকে, দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের পরিমাণ কমেছে। মঙ্গলবার সিএসইতে ৬ কোটি ৮১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কর্মদিবসে যার পরিমাণ ছিল ১৩ কোটি ৮ লাখ টাকা।শেয়ার বাজার বিশ্লেষণ
এদিন সিএসইতে মোট ১৯৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১১০টির দাম বেড়েছে, ৬১টির কমেছে এবং ২৩টির দাম অপরিবর্তিত ছিল। তবে লেনদেন কমলেও এক্সচেঞ্জটির সার্বিক সূচক সিএএসপিআই ৪৮ দশমিক ০৯ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৬৯৮ দশমিক ৫১ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের কর্মদিবসেও সূচকটি ৪৭ দশমিক ৭৩ পয়েন্ট বেড়েছিল।
Source: শেয়ারবাজারনিউজ.কম
সাব এডিটর, NBS বাংলা | ২৪/৭ সর্বশেষ সংবাদ ও আপডেট | অন্যান্য খবর

