ডায়াবেটিস গবেষণার অগ্রগতি নিয়ে এনএসইউতে আন্তর্জাতিক কর্মশালা অনুষ্ঠিত

Published: Updated: 1 views
ডায়াবেটিস গবেষণার অগ্রগতি নিয়ে এনএসইউতে আন্তর্জাতিক কর্মশালা অনুষ্ঠিত
— Photo: এনএসইউ
Share:

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) ডায়াবেটিস ও এর জটিলতা নিয়ে গবেষণা, আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতা এবং বৈজ্ঞানিক উদ্ভাবনকে উৎসাহিত করার লক্ষ্যে ‘অ্যাডভান্সেস ইন ডায়াবেটিস রিসার্চ: ইমার্জিং ফ্রন্টিয়ার্স অ্যান্ড ফিউচার অপরচুনিটিজ’ শীর্ষক একটি আন্তর্জাতিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৭ নভেম্বর ২০২৬, ওআইসি-কমস্টেক (OIC-COMSTECH) এর সহযোগিতায় এনএসইউর বায়োকেমিস্ট্রি অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগ এনএসইউ ক্যাম্পাসে এ কর্মশালার আয়োজন করে। 

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি এবং বাংলাদেশ স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সাবেক চেয়ারম্যান জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনএসইউর বোর্ড অব ট্রাস্টিজের সদস্য জনাব বেনজীর আহমেদ, এবং এনএসইউ’র উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর) অধ্যাপক নেছার ইউ. আহমেদ। আন্তর্জাতিক রিসোর্স পারসন হিসেবে অংশ নেন যুক্তরাজ্যের ম্যানচেস্টার মেট্রোপলিটন ইউনিভার্সিটির ড. নেছার আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনএসইউর উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী।

স্বাগত বক্তব্যে কর্মশালার সমন্বয়ক, এনএসইউর বায়োকেমিস্ট্রি অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক এবং বাংলাদেশে ওআইসি-কমস্টেকের ফোকাল পারসন ড. হাফিজুর রহমান বলেন, “বাংলাদেশের জনগোষ্ঠীর ওপর ডায়াবেটিসবিষয়ক গবেষণার বিশেষ গুরুত্ব রয়েছে। দক্ষিণ এশীয় ও পশ্চিমা জনগোষ্ঠীর মধ্যে এ রোগের প্যাথোফিজিওলজিতে পার্থক্য থাকতে পারে। তাই কার্যকর ও জনগোষ্ঠীভিত্তিক প্রতিরোধ এবং চিকিৎসাপদ্ধতি নির্ধারণে বাংলাদেশের নিজস্ব গবেষণালব্ধ তথ্যপ্রমাণ প্রয়োজন। এ ক্ষেত্রে শিক্ষার্থী ও তরুণ গবেষকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।”

আন্তর্জাতিক রিসোর্স পারসন ড. নেছার আহমেদ ডায়াবেটিস গবেষণার নতুন সম্ভাবনাময় ক্ষেত্রগুলো তুলে ধরেন। বিশেষ করে প্রোটিন গ্লাইকেশন, ঔষধি উদ্ভিদ ও কার্যকরী খাদ্যের অ্যান্টি-গ্লাইকেশন বৈশিষ্ট্য এবং ডায়াবেটিক রেটিনোপ্যাথি নিয়ে গবেষণার ওপর গুরুত্ব দেন তিনি। ডায়াবেটিসজনিত জটিলতার ব্যাপকতা উল্লেখ করে তিনি এসব ক্ষেত্রে গবেষণার পরিধি আরও বিস্তৃত করার প্রয়োজনীয়তার কথা বলেন।

বিশেষ অতিথির বক্তব্যে জনাব বেনজীর আহমেদ বলেন, “ডায়াবেটিস নিয়ন্ত্রণে জাতীয় অধ্যাপক ডা. মুহাম্মদ ইব্রাহিমের অনুসৃত তিনটি মূলনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো হলো—শৃঙ্খলা, খাদ্যাভ্যাস ও ওষুধ। ডায়াবেটিস ব্যবস্থাপনায় এই তিনটি বিষয় যথাযথভাবে অনুসরণ করা প্রয়োজন।”

উপ-উপাচার্য অধ্যাপক নেছার ইউ. আহমেদ বলেন, “ডায়াবেটিস ও জনস্বাস্থ্যবিষয়ক গবেষণাকে এগিয়ে নিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষকদের সঙ্গে চিকিৎসকদের আরও ঘনিষ্ঠ সহযোগিতা প্রয়োজন। একাডেমিক গবেষণা ও চিকিৎসাক্ষেত্রের অভিজ্ঞতার সমন্বয় এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”

প্রধান অতিথির বক্তব্যে জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান বলেন, “দেশে ডায়াবেটিসের ক্রমবর্ধমান প্রকোপ মোকাবিলা এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে চিকিৎসক ও শিক্ষাবিদদের মধ্যে সহযোগিতা আরও জোরদার করতে হবে। রোগ প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয়, গবেষণা এবং কার্যকর ব্যবস্থাপনার জন্য সমন্বিত উদ্যোগ প্রয়োজন।”

তিনি আরও বলেন, “বাংলাদেশে ধর্মীয় নেতাদের সম্পৃক্ত করে স্থানীয় পর্যায়ে ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, রোগ প্রতিরোধ ও ব্যবস্থাপনায় একটি উদ্ভাবনী উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগের সম্ভাবনা ও গুরুত্ব বিবেচনায় ওআইসি-কমস্টেক মডেলটি বাংলাদেশের বাইরে সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে। পরিকল্পনা অনুযায়ী, ওআইসির ৫৭টি সদস্যদেশে এ মডেল প্রচার ও বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। স্বাস্থ্যসেবার বিশেষজ্ঞ জ্ঞান, সামাজিক অংশগ্রহণ এবং ধর্মীয় নেতৃত্বকে একত্র করে ডায়াবেটিস প্রতিরোধ ও ব্যবস্থাপনা জোরদারে এটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।”

সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী কর্মশালাটি আয়োজনের জন্য বায়োকেমিস্ট্রি অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগ ও ওআইসি-কমস্টেককে ধন্যবাদ জানান। তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের কাজ শুধু ডিগ্রি ও সনদ প্রদানের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়। শিক্ষার্থীদের গবেষণা, উদ্ভাবন ও নতুন জ্ঞান সৃষ্টির কাজে সক্রিয়ভাবে সম্পৃক্ত করতে হবে। অধ্যাপক নেছার আহমেদ ভবিষ্যতে এনএসইউতে এসে একাডেমিক কার্যক্রম ও যৌথ গবেষণায় যুক্ত থাকবেন বলে আশা করি।”

অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন এনএসইউর স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেসের ডিন অধ্যাপক দীপক কুমার মিত্র। তিনি কর্মশালায় অংশগ্রহণকারী অতিথি, আন্তর্জাতিক রিসোর্স পারসন, ওআইসি-কমস্টেক, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কর্মশালায় ডায়াবেটিসের জনগোষ্ঠীভিত্তিক গবেষণা, আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতা এবং বৈজ্ঞানিক গবেষণায় শিক্ষার্থীদের সম্পৃক্ততার গুরুত্ব উঠে আসে। পাশাপাশি বায়োমেডিকেল গবেষণার অগ্রগতি ও জনস্বাস্থ্যের উন্নয়নে এনএসইউর গবেষণামূলক কার্যক্রমের গুরুত্ব পুনর্ব্যক্ত করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তি
সংবাদ বিজ্ঞপ্তি

কন্ট্রিবিউটর, NBS বাংলা | ২৪/৭ সর্বশেষ সংবাদ ও আপডেট | অন্যান্য খবর

Related News