NBS বাংলা | ২৪/৭ সর্বশেষ সংবাদ ও আপডেট | অন্যান্য খবর — 18 November 2026, 6:30 PM
বিভক্ত বিশ্বে আইসিআরসির ভূমিকা নিয়ে এনএসইউতে বিশেষ আলোচনা অনুষ্ঠিত

নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদ (এসএইচএসএস) ১৮ নভেম্বর ২০২৬ বিশ্ববিদ্যালয়ের মুট কোর্ট রুমে (এনএসি ৬১৬) “আইসিআরসি’স রোল ইন আ ডিভাইডেড ওয়ার্ল্ড: পার্সোনাল রিফ্লেকশনস অব আ ডেলিগেট” শীর্ষক এসএইচএসএস ডিস্টিংগুইশড লেকচার সিরিজ আয়োজন করে।
এ আলোচনায় মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস (আইসিআরসি), বাংলাদেশের হেড অব ডেলিগেশন নিকোলাস পল অ্যালবিন ফ্লুরি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর) অধ্যাপক নেছার ইউ. আহমেদ। সূচনা বক্তব্য প্রদান করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের (এসএইচএসএস) ডিন ও আইন বিভাগের অধ্যাপক মো.
রিজওয়ানুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির মিডিয়া, কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম বিভাগের প্রভাষক মৃত্তিকা আনান রহমান।
মূল বক্তা নিকোলাস পল অ্যালবিন ফ্লুরি তাঁর উপস্থাপনায় ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রসের (আইসিআরসি) কাঠামো পরিচয় করিয়ে দেন এবং সংস্থাটি কীভাবে কাজ করে, এর ইতিহাস ও বিভিন্ন যুদ্ধে, বিশেষ করে প্রথম বিশ্বযুদ্ধ ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে এর ভূমিকা ব্যাখ্যা করেন। তিনি উল্লেখ করেন যে, সশস্ত্র সংঘাত ও অন্যান্য সহিংস পরিস্থিতির শিকার মানুষদের জীবন ও মর্যাদা রক্ষায় সংস্থাটি একটি পক্ষপাতহীন, নিরপেক্ষ ও স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে কাজ করে। তিনি আরও বলেন, মানবিক আইন ও সর্বজনীন মানবিক নীতিমালা প্রচার ও শক্তিশালী করার মাধ্যমে দুর্ভোগ প্রতিরোধেও আইসিআরসি প্রচেষ্টা চালিয়ে যায়।
এছাড়াও ফ্লুরি জেনেভা আইনের অধীনে একটি বেসরকারি সংস্থা (প্রাইভেট অ্যাসোসিয়েশন) হিসেবে আইসিআরসির মর্যাদার কথা তুলে ধরেন এবং যুদ্ধের ক্ষয়ক্ষতি সীমিত রাখা ও বেসামরিক নাগরিকদের সুরক্ষায় মানবিক আইনের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
এনএসইউ উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বলেন, বিশ্ব যতই এগিয়ে যাচ্ছে, জাতিগুলোর মধ্যে সংঘাত ও যুদ্ধ ততই প্রকট হয়ে উঠছে। বৈশ্বিক পরিস্থিতির ওপর আলোকপাত করে তিনি বলেন, “আমরা সত্যিকার অর্থেই একটি বিভক্ত বিশ্বের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি, যেখানে নির্দিষ্ট কিছু গোষ্ঠী কেবল সম্পদ ও ক্ষমতার দিকেই মনোযোগ দিচ্ছে, আর ক্ষমতার এই আকাঙ্ক্ষা যখন এতটা তীব্র হয়ে ওঠে, তখন বিশ্ব যুদ্ধে জড়িয়ে পড়ে।” বিশ্ব যখন এক সংকটময় সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে, তখন ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রসের (আইসিআরসি) ইতিবাচক অবদান আরও সম্প্রসারিত করার প্রয়োজনীয়তার ওপর তিনি জোর দেন।
এছাড়াও অধ্যাপক চৌধুরী ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় আইসিআরসির উল্লেখযোগ্য ভূমিকার কথা স্মরণ করেন, বিশেষ করে হলি ফ্যামিলি হাসপাতালের মতো প্রতিষ্ঠানের মাধ্যমে যুদ্ধশিশুদের প্রতি সংস্থাটির গুরুত্বপূর্ণ সহায়তার কথা তুলে ধরেন এবং তাদের খুঁজে বের করে পরিবারের সঙ্গে পুনরায় মিলিয়ে দেওয়ার চলমান প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন।
অধ্যাপক নেছার ইউ. আহমেদ বলেন, “এটি কোনো বিভক্ত বিশ্ব নয়; বরং এটি অনেকটা ভেঙে পড়া এক বিশ্ব।” সংস্থাটির সূচনালগ্নের কথা স্মরণ করে তিনি উল্লেখ করেন, মানুষের জীবন ও মর্যাদা রক্ষার লক্ষ্য নিয়ে রেড ক্রস আন্দোলনের যাত্রা শুরু হয়েছিল, যা পরবর্তীতে বিশ্বের অন্যতম বৃহৎ মানবিক নেটওয়ার্কে পরিণত হয়েছে। বর্তমানে বিশ্বের ত্রিশটিরও বেশি দেশ যুদ্ধে লিপ্ত রয়েছে উল্লেখ করে অধ্যাপক আহমেদ আশ্রয়, পানি ও অত্যাবশ্যকীয় সামগ্রী সরবরাহের মাধ্যমে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীকে সুরক্ষা প্রদানে ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রসের (আইসিআরসি) নিবেদিতপ্রাণ প্রচেষ্টার কথা তুলে ধরেন।
পাশাপাশি অসামান্য মানবিক কর্মকাণ্ডের জন্য সংস্থাটি বিশ্বব্যাপী যে ব্যাপক শ্রদ্ধা অর্জন করেছে, তিনি সে বিষয়ের ওপরও গুরুত্বারোপ করেন।
সূচনা বক্তব্যে অধ্যাপক মো. রিজওয়ানুল ইসলাম বলেন, আন্তর্জাতিক পরিমণ্ডলে আইসিআরসি একটি স্বতন্ত্র ভূমিকা পালন করে। তিনি উল্লেখ করেন যে, সুইস আইনের অধীনে প্রতিষ্ঠিত হলেও এর কার্যাবলি বহু সরকারি আন্তর্জাতিক সংস্থার (পাবলিক ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন) তুলনায় প্রকৃতিগতভাবে আরও বেশি জনস্বার্থসংশ্লিষ্ট। অধ্যাপক ইসলাম আরও স্মরণ করেন যে, হেনরি ডুনান্টের হাতে প্রতিষ্ঠিত এই সংস্থাটি শুরুতে আহত সৈনিকদের সহায়তায় মনোনিবেশ করলেও পরবর্তীতে এর কাজের পরিধি ক্রমান্বয়ে বিস্তৃত হয়েছে।
এছাড়াও তিনি তুলে ধরেন যে, বর্তমানে আইসিআরসির কার্যপরিধি কেবল আন্তর্জাতিক সশস্ত্র সংঘাতের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং গৃহযুদ্ধ এবং অন্যান্য ব্যাপক সহিংস পরিস্থিতিকেও অন্তর্ভুক্ত করে।
মূল বক্তব্যের পর একটি তথ্যসমৃদ্ধ প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন। অতিথি বক্তা, শিক্ষক, পেশাজীবী এবং শিক্ষার্থীদের মধ্যে একটি আরও দৃঢ় একাডেমিক সেতুবন্ধন গড়ে তোলার লক্ষ্যে ভবিষ্যতে এ ধরনের আরও ডিস্টিংগুইশড লেকচার আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা
কন্ট্রিবিউটর, NBS বাংলা | ২৪/৭ সর্বশেষ সংবাদ ও আপডেট | অন্যান্য খবর




