সন্ত্রাসীরা কানাডায় নিরাপদ আশ্রয়ে দাবি শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর
শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী আলি সাবরি বলেছেন, সন্ত্রাসীরা কানাডায় নিরাপদ আশ্রয় খুঁজে পেয়েছে ও প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো কোনো ধরনের প্রমাণ ছাড়াই ভারতের বিরুদ্ধে আপত্তিকর অভিযোগ করেছেন। ভারতীয় রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে সাবরি বলেছেন, ট্রুডোর এমন অভিযোগে আমি অবাক নই।
শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বলেন, কানাডা শ্রীলঙ্কাকে নিয়েও এমন ভয়ানক অভিযোগ করেছিল। শ্রীলঙ্কায় গণহত্যা হয়েছে বলে পুরোপুরি মিথ্যা অভিযোগ করেছিল। সবাই জানে আমাদের দেশে কোনো গণহত্যা হয়নি, বলেন শ্রীলঙ্কার এই মন্ত্রী। ট্রুডোর গণহত্যা নিয়ে মন্তব্য শ্রীলঙ্কা ও কানাডার সম্পর্কে প্রভাব পড়েছে।
কানাডার হাউজ অব কমন্সের সভায় ট্রুডো বলেন, কানাডার গোয়েন্দা সংস্থা হারদীপ হত্যার সঙ্গে ভারত সরকারের সংশ্লিষ্টতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ খুঁজে পেয়েছে। ট্রুডোর এমন দাবির পরেই কানাডা ভারতীয় এক শীর্ষ কূটনীতিককে বহিষ্কার করে।
অন্যদিকে ট্রুডোর এমন মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানায় ভারত। তারাও পাল্টা পদক্ষেপ হিসেবে কানাডার একজন কূটনীতিককে বহিষ্কার করে। এতেই ক্ষান্ত হয়নি ভারত, কানাডার নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করেছে। সেই সঙ্গে ভারতে কানাডার কূটনীতিকদের সংখ্যা কমাতে হবে স্পষ্ট জানিয়ে দিয়েছে।
