মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে ভয়াবহ আকস্মিক বন্যায় অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে এবং একটি গ্রীষ্মকালীন শিবির থেকে অন্তত ২০ শিশু নিখোঁজ রয়েছে। নদীর পানি হঠাৎ করে বিপজ্জনকভাবে বেড়ে যাওয়ায় এই দুর্যোগ সৃষ্টি হয়।
টেক্সাসের লেফটেন্যান্ট গভর্নর ড্যান প্যাট্রিক এক সংবাদ সম্মেলনে বলেন, মাত্র ৪৫ মিনিটে গুয়াদালুপ নদীর পানি ২৬ ফুটের বেশি বৃদ্ধি পায়, যা ব্যাপক ক্ষয়ক্ষতি এবং প্রাণহানির কারণ হয়ে দাঁড়ায়। তিনি জানান, অল-গার্লস ক্যাম্প ‘মিস্টিক’-এ প্রায় ৭০০ শিশুর মধ্যে এখনও ২০ জনের কোনো খোঁজ পাওয়া যায়নি। তিনি বলেন, “এটি শুধু একটি প্রাকৃতিক বিপর্যয় নয়, এটি হৃদয়বিদারক একটি মানবিক সংকট।”
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্যের পার্বত্য অঞ্চল এবং কনচো ভ্যালি এলাকাকে দুর্যোগ কবলিত ঘোষণা করা হয়েছে এবং সেখানে ব্যাপক অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে। নিখোঁজদের খোঁজে হেলিকপ্টার, নৌকা এবং ড্রোন ব্যবহার করা হচ্ছে।
বন্যার কারণে টেক্সাসের বিভিন্ন এলাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল করা হয়েছে। কের কাউন্টির কেরভিল শহরে প্রতি বছর আয়োজিত 'চতুর্থ নদী উৎসব' বাতিল করা হয়েছে, একইসঙ্গে দক্ষিণাঞ্চলের বোয়ের্ন শহরেও সব অনুষ্ঠান স্থগিত করা হয়েছে, কারণ জরুরি বিভাগের বহু কর্মী বর্তমানে উদ্ধারকাজে নিয়োজিত।
অস্টিনসহ রাজ্যের অন্যান্য শহরেও প্রবল বর্ষণে জনজীবন ব্যাহত হয়েছে এবং বেশ কয়েকটি শহরে বন্যার সতর্কতা জারি করা হয়েছে। প্রশাসন জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এবং প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছে।
