ডোনাল্ড ট্রাম্প যখন ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক চাপানোর ঘোষণা দেন, ঠিক তখনই আবার আমেরিকা সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। মাত্র দুই মাসের ব্যবধানে এটা তাঁর দ্বিতীয় সফর। বিষয়টি ঘিরে ভারতের রাজনৈতিক মহলে উত্তেজনা তুঙ্গে।

এই সফরে মুনির অংশ নেবেন মার্কিন সেন্ট্রাল কমান্ডের (CENTCOM) প্রধান জেনারেল মাইকেল কুরিল্লার অবসরগ্রহণ অনুষ্ঠানে। উল্লেখ্য, জেনারেল কুরিল্লা অতীতে একাধিকবার পাকিস্তানের সন্ত্রাসবিরোধী ভূমিকার প্রশংসা করেছেন।

বিশেষজ্ঞরা বলছেন, ভারত যখন আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের জঙ্গি কার্যকলাপ তুলে ধরতে ব্যস্ত, ঠিক তখন ওয়াশিংটনের এই আচরণ নয়াদিল্লির কাছে স্পষ্ট বার্তা বহন করে। বিশেষত যখন পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে আমেরিকা, তখন ভারতের প্রতি শুল্কবৃদ্ধির সিদ্ধান্ত আরও হতাশাজনক।

জানা গেছে, জেনারেল কুরিল্লা দীর্ঘদিন মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা অভিযানে নেতৃত্ব দিয়েছেন। কয়েক মাস আগে পাকিস্তান যখন পাঁচজন আইএসআইএস-খোরাসান জঙ্গিকে গ্রেপ্তার করে, তখন কুরিল্লা বলেছিলেন, “পাকিস্তান সন্ত্রাসবিরোধী লড়াইয়ে আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার।” এই মন্তব্যের পরই তাঁকে পাকিস্তানের সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘নিশান-ই-ইমতিয়াজ’ প্রদান করে ইসলামাবাদ।

এই সফরে মুনির ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন কি না, তা এখনও নিশ্চিত নয়। তবে এই মুহূর্তে যেভাবে আমেরিকা পাকিস্তানকে বিশেষ গুরুত্ব দিচ্ছে, তাতে দুই দেশের সম্পর্ক যে আরও উষ্ণ হচ্ছে, তা স্পষ্ট।

এদিকে, পহেলগাঁও হামলা ও সিঁদুর অভিযানের প্রেক্ষিতে ভারত বিশ্বজুড়ে পাকিস্তানের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে। একাধিক দেশ সফর করেছে ভারতীয় প্রতিনিধিদল। কিন্তু এমন সময়ে পাক সেনাপ্রধানকে আমেরিকার আমন্ত্রণ নয়াদিল্লিকে অস্বস্তিতে ফেলেছে।

ভারতের কূটনৈতিক মহলের একাংশ মনে করছে, ওয়াশিংটন আবার সেই পুরনো ভারসাম্যের খেলায় ফিরছে। অর্থাৎ ভারত ও পাকিস্তান—দুই পক্ষকেই খুশি রাখার কৌশল। এই অবস্থায় কংগ্রেস, তৃণমূল-সহ একাধিক বিরোধী দল সরকারের কূটনীতিকে প্রশ্নের মুখে ফেলেছে।

তাদের দাবি, “ট্রাম্প সরকার বারবার দেখিয়ে দিয়েছে, মোদি-শাহদের ‘গ্লোবাল স্ট্র্যাটেজি’ ব্যর্থ। ১৪০ কোটির স্বার্থরক্ষায় এখন সময় এসেছে নতুন কূটনৈতিক কৌশল নেওয়ার।”

বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের দ্বিতীয়বার প্রেসিডেন্ট হলে ভারত-মার্কিন সম্পর্কে বড় ধাক্কা আসতে পারে। আর পাকিস্তান সেই ফাঁকেই লাভবান হওয়ার সুযোগ নিচ্ছে।

Walton Ads