চীনের হুনান প্রদেশের রাজধানী চাংশায় ঘটেছে অদ্ভুত এক ঘটনা। স্বামীর দীর্ঘদিনের পরকীয়ার প্রতিবাদে এক নারী লাল ব্যানার টাঙিয়ে প্রকাশ্যে কটাক্ষ করেছেন নিজের সবচেয়ে ঘনিষ্ঠ বান্ধবীকে। বিষয়টি মুহূর্তেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার জন্ম দেয়।

হংকংয়ের ইংরেজি দৈনিক সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, ব্যানারের পাশে লাল পতাকাও ঝোলানো ছিল। সেখানে লেখা হয়, অভিযুক্ত বান্ধবী শি হংশান কমিউনিটির পর্যটন ব্যবস্থাপনা কার্যালয়ের অর্থ বিভাগে কর্মরত।

ব্যানারে স্ত্রী সরাসরি বান্ধবীর বিরুদ্ধে অভিযোগ করে লিখেন,
“শি সামাজিক শৃঙ্খলা ও নৈতিকতা ভঙ্গ করে তার বান্ধবীর স্বামীর সঙ্গে পরকীয়া করেছেন।”
ব্যানারের নিচে স্বাক্ষর ছিল শুধু একটি শব্দে—“স্ত্রী”। যদিও এগুলো শি’র বাসার কাছে টাঙানো হয়েছিল কি না, তা স্পষ্ট নয়।

এক পতাকায় আরও লেখা ছিল—
“শি আমার ১২ বছরের ঘনিষ্ঠ বান্ধবী। গত পাঁচ বছর ধরে তিনি আমার স্বামীকে যৌনসেবা দিয়েছেন।”
অন্য এক পতাকায় অভিযোগ করা হয়, “শি অফিস চলাকালীন সময়েও হোটেলে গেছেন বান্ধবীর স্বামীর সঙ্গে।”

স্থানীয় এক কর্মকর্তা নিশ্চিত করেছেন, অফিসে শি নামে একজন কর্মী আছেন এবং বিষয়টি তদন্তাধীন। তবে অল্প সময়ের মধ্যেই সব ব্যানার ও পতাকা সরিয়ে ফেলা হয়। সংশ্লিষ্ট নারী ও তার স্বামীর নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

আইন বিশেষজ্ঞ ঝাও লিয়াংশান চীনা গণমাধ্যমকে জানিয়েছেন, যদি এসব অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়, তবে শি’র সুনাম ও ব্যক্তিগত অধিকার ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি মানহানির মামলা হতে পারে। একইসঙ্গে জনসমাগম সৃষ্টি বা চলাচলে বাধা দিলে তা জননিরাপত্তা প্রশাসন শাস্তি আইনের আওতায় পড়বে। এ ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি হতে পারে ১৯ দিন আটক ও ৫০০ ইউয়ান (প্রায় ৭০ মার্কিন ডলার) জরিমানা।

এমন ঘটনা এর আগেও ঘটেছে। ২০২৩ সালে এক চীনা পুরুষ প্রাক্তন প্রেমিকাকে অপমান করে ব্যানার টাঙানোর অপরাধে ১০ দিনের কারাদণ্ড ভোগ করেছিলেন। আইনজীবী ঝাও পরামর্শ দেন, কারও অধিকার ক্ষুণ্ন হলে তা আইনি পথেই মোকাবিলা করা উচিত।

বিষয়টি ভাইরাল হওয়ার পর নেটিজেনদের প্রতিক্রিয়াও এসেছে নানা রকম। কেউ লিখেছেন,
“এটা বেআইনি, কিন্তু স্ত্রীর প্রতিশোধ আমি সমর্থন করি।”
আরেকজন লিখেছেন, “ঘনিষ্ঠ বান্ধবী সরকারি চাকরিজীবী। অফিসে তাকে ভয়াবহ পরিস্থিতির মুখে পড়তে হবে।”
তৃতীয় এক মন্তব্যে ব্যঙ্গ করে বলা হয়েছে, “স্ত্রী অপমান করেননি, তিনি তো কেবল কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।”

চীনে সাধারণত লাল পতাকা কারও প্রতি কৃতজ্ঞতা প্রকাশের প্রতীক হিসেবে উপহার দেওয়া হয়। কিন্তু এবার তা রূপ নিয়েছে এক তীব্র ব্যক্তিগত প্রতিশোধের হাতিয়ারে।

 

Walton Ads