নেপালের রামেছাপ জেলা কারাগারে সেনা সদস্যদের গুলিতে দুই বন্দি নিহত হয়েছেন। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, কারাগার থেকে মুক্তির দাবি জানানো কয়েদিদের সঙ্গে সংঘর্ষের সময় তারা গুলি চালায়। এ ঘটনায় ১২ জন বন্দি আহত হয়েছেন। খবর দিয়েছে বিবিসি বাংলা।

এর আগে মঙ্গলবার রাতে বাঁকের বৈজনাথ গ্রামীণ পৌরসভার নওবাস্তা এলাকার কিশোর সংশোধনাগার থেকে পালানোর চেষ্টা করার সময় পাঁচজন কিশোর বন্দি মারা যান। জেন-জি আন্দোলন তীব্র হওয়ার পর নেপালের বিভিন্ন জেলা কারাগার থেকে বহু বন্দি পালিয়ে গেছেন।

নেপাল সেনাবাহিনী জানিয়েছে, তারা পালানোর চেষ্টা করা এবং পালিয়ে যাওয়া বন্দিদের আটক করেছে। বুধবার সেনাবাহিনীর দেওয়া তথ্যানুযায়ী, সপ্তারীর রাজবিরাজ জেলা কারাগার থেকে ১৯২ জন বন্দি আটক করা হয়েছে।

এছাড়া, কাঞ্চনপুরের চাঁদনী এলাকায় ভারত প্রবেশের সময় সাতজন বন্দি আটক করা হয়ে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। ১২ জন বন্দি স্বেচ্ছায় কারাগারে আত্মসমর্পণ করেছেন।

নেপালের গণমাধ্যম হিমালয়ান টাইমস জানিয়েছে, সহিংসতায় এখন পর্যন্ত ৩৪ জন নিহত এবং ১ হাজার ৩৬৮ জন আহত হয়েছেন। পরিস্থিতি এখনও উত্তেজনাপূর্ণ।

 

Walton Ads