দিল্লি ও মুম্বাই হাইকোর্টে বোমা বিস্ফোরণের হুমকি পাওয়া গেছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে এই হুমকি ইমেইলের মাধ্যমে দেয়া হয়। হুমকি পাওয়ার পর উভয় আদালত চত্বর খালি করে তল্লাশি শুরু করেছে। খবরটি স্থানীয় গণমাধ্যমে জানা গেছে।

ডেকান হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, প্রথমে দিল্লি হাইকোর্টকে লক্ষ্য করে হুমকি পাঠানো হয়। পরবর্তীতে মুম্বাই হাইকোর্টকেও একই ধরনের হুমকি দেওয়া হয়। এই ঘটনা ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে আদালত চত্বরে চাঞ্চল্য সৃষ্টি হয়।

হাইকোর্টে এজলাসে শুনানি চলাকালীন সময়ে হুমকি ইমেইল করা হয়। হুমকি পাওয়ার সঙ্গে সঙ্গে বিচারক, বাদী-বিবাদী ও আইনজীবীরা এজলাস থেকে বের হয়ে যান।

খবর পেয়ে দিল্লি পুলিশ ও বম্ব স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে। মুম্বাই আদালত চত্বরেও একই ধরনের তল্লাশি চালানো হয়। পুলিশ জানিয়েছে, ইমেইলের বিষয় হিন্দিতে লেখা হলেও বাকিটা ইংরেজিতে লেখা হয়েছে। দুপুর ২টার পর তিনটি বোমা বিস্ফোরণের হুমকি আরও পাঠানো হয়।

পুলিশ আরও জানিয়েছে, কোন আইপি অ্যাড্রেস থেকে হুমকি পাঠানো হয়েছে তা খুঁজে বের করা হচ্ছে। আপাতত উভয় হাইকোর্টের সব কক্ষের শুনানি বন্ধ রাখা হয়েছে এবং আদালত প্রাঙ্গণে উপস্থিত সবাইকে সরিয়ে দেওয়া হয়েছে।

একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বলেন,

“আমরা তল্লাশি অভিযান চালাচ্ছি। বোমা নিষ্ক্রিয়কারী দল, কুকুর দল ও দমকল কর্মীরা ঘটনাস্থলে রয়েছে।”

এর আগে ৯ সেপ্টেম্বর দিল্লির মুখ্যমন্ত্রীর সচিবালয় এবং মৌলানা আজাদ মেডিকেল কলেজে (এমএএমসি) বোমা হামলার হুমকির ইমেইল পাঠানো হয়েছিল।

 

Walton Ads