নেপালের মতো গণ-অভ্যুত্থানের ডাক এবার ভারতের পশ্চিমবঙ্গে! এমনই বিস্ফোরক দাবি করেছেন বিজেপির সাবেক সাংসদ অর্জুন সিং।

গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ রাজনৈতিক অস্থিরতা চলছে নেপালে। শ্রীলঙ্কা ও বাংলাদেশের পর এবার সেখানে গণ-অভ্যুত্থান ঘটিয়েছে তরুণ প্রজন্ম। বিক্ষোভকারীরা মন্ত্রী-এমপিদের বাসভবন, সরকারি ভবন এমনকি সংসদ এলাকাতেও আগুন ধরিয়ে দেন। চাপে পড়ে পদত্যাগ করেন নেপালের কমিউনিস্ট প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি। মন্ত্রীদের অনেকে দেশ ছেড়ে পালিয়েছেন, কেউবা আত্মগোপনে রয়েছেন।

এই ঘটনাকেই উদাহরণ টেনে পশ্চিমবঙ্গের তরুণদের রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন অর্জুন সিং। শুক্রবার (১২ সেপ্টেম্বর) দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, তিনি বলেন, “নেপালের যুবসমাজ দুর্নীতির বিরুদ্ধে দাঁড়িয়ে ইতিহাস গড়েছে। বাংলার তরুণদেরও সেই সাহস দেখানো উচিত। এখানে অভ্যুত্থান দরকার।”

অর্জুন সিংয়ের এমন মন্তব্যের পর তার বিরুদ্ধে একাধিক থানায় মামলা হয়েছে। কিন্তু তিনি পাত্তা না দিয়ে আরও স্পষ্টভাবে বলেন, “আবারও বলছি—এই বাংলায় গণঅভ্যুত্থান করে দুর্নীতিগ্রস্ত সরকারকে ফেলে দেওয়া উচিত।”

এদিকে, বিজেপি নেতার এই উসকানিমূলক বক্তব্যে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি সতর্ক করে বলেন, “প্রতিবেশী দেশে অশান্তি চলছে। তার সুযোগ নিয়ে কেউ কেউ ঘোলা পানিতে মাছ ধরতে চাইবে। এই রাজ্যে অশান্তি বাধানোর চেষ্টা হতে পারে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।”

অন্যদিকে, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য মমতাকে পাল্টা কটাক্ষ করে বলেন, “নেপাল থেকে বাংলাদেশের সীমান্ত অনেক বড়। মুখ্যমন্ত্রী যদি সেখানে একটু নজর দেন, ভালো হয়। সীমান্তবর্তী জেলাগুলোর জনবিন্যাস দ্রুত বদলে যাচ্ছে।”

 

Walton Ads