গাজার আকাশে বোমা পড়া যেন থেমে গেছে, কিন্তু মানুষের বুকের ভেতর বিস্ফোরণ থামছেই না! সবচেয়ে হৃদয়বিদারক খবর বেরিয়েছে এবার, ইসরাইলের হেফাজতে এখনো আটকে রয়েছে ৭৬১ জন ফিলিস্তিনির মৃতদেহ! মঙ্গলবার (২ ডিসেম্বর) কাতারের গণমাধ্যম আল জাজিরা এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে।
গাজার “লাশ প্রত্যর্পণ বিষয়ক সংস্থা” একটা আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে জানিয়েছে, যুদ্ধের মধ্যে ইসরাইলি হেফাজতে যত ফিলিস্তিনি মারা গেছেন, তাদের মধ্যে অন্তত ৭৬১ জনের লাশ এখনো ইসরাইলের কাছে বন্দি। মানে, এই পরিবারগুলো তাদের বাবা-ভাই-ছেলের লাশ দাফন করার সুযোগ পর্যন্ত পাচ্ছে না! প্রতিদিন তারা কাঁদছে, দোয়া করছে, শুধু একটা আশা, কবে তাদের প্রিয়জনের দেহ ফিরিয়ে দেবে?
এই ৭৬১টা লাশ শুধু সংখ্যা নয়, এর পেছনে আছে ৭৬১টা পরিবারের কান্না, ৭৬১টা মায়ের বুকফাটা আহাজারি। কেউ হারিয়েছেন ছোট্ট ছেলেকে, কেউ হারিয়েছেন সদ্য বিয়ে করা স্বামীকে, কেউবা একসঙ্গে বাবা-ভাই দুজনকেই। কিন্তু শেষকৃত্য করার অধিকার পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে!
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গাজার কর্মকর্তারা বারবার আন্তর্জাতিক সংস্থার কাছে এই লাশ ফেরতের আবেদন জানাচ্ছেন, কিন্তু এখনো কোনো সাড়া মেলেনি। মানবাধিকার সংগঠনগুলো বলছে, মৃতদেহ আটকে রাখা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। তবু কোনো চাপই কাজ করছে না।
গাজার রাস্তায় রাস্তায় এখন শুধু একটাই প্রশ্ন, “আমার ছেলের লাশ কবে ফিরবে?”
