নববর্ষের উৎসবের ঠিক আগে এক ব্যতিক্রমী ঘোষণা দিয়েছেন নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। ৩১ ডিসেম্বর মধ্যরাতে তিনি নিউইয়র্ক সিটি হলের নিচে অবস্থিত একটি পরিত্যক্ত সাবওয়ে স্টেশনে মেয়র হিসেবে শপথ নেবেন।

৩৪ বছর বয়সী মামদানি বেছে নেওয়া এই স্টেশনটি ‘গিল্ডেড এজ’ বা সমৃদ্ধির যুগে নির্মিত হয়েছিল। যদিও বর্তমানে এটি যাত্রী চলাচলের জন্য ব্যবহার হয় না, তবে লোকাল ‘৫ নম্বর’ ট্রেনের পথ হিসেবে এটি এখনও ব্যবহৃত হয়। মামদানির মতে, এই অপ্রচলিত স্থান নির্বাচন প্রতীকীভাবে "নতুন যুগের সূচনা" বোঝায়।

মামদানির ব্যাখ্যা
এক বিবৃতিতে তিনি বলেন, "এই স্টেশন আমাদের শহরের ঐতিহ্যের প্রতীক, যেখানে একসময় সাহস, সৌন্দর্য ও জনকল্যাণমূলক বড় স্বপ্ন বাস্তবায়ন করা হত। শপথ অনুষ্ঠানের মাধ্যমে সেই উচ্চাকাঙ্ক্ষাকে নতুন করে ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য।"

কে শপথ পড়াবেন?
মেয়র হিসেবে মামদানিকে শপথ বাক্য পাঠ করাবেন নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিসিয়া জেমস। একই দিনে দুপুরে সিটি হলের সিঁড়িতে আরেকটি আনুষ্ঠানিক শপথ অনুষ্ঠান হবে, যেখানে ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্স শপথ পাঠ করাবেন। এরপর ব্রডওয়েতে বড় একটি ব্লক পার্টির আয়োজন হবে।

অ্যাটর্নি জেনারেলের মন্তব্য
এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল লেটিসিয়া জেমস বলেন, "সাবওয়ে একটি ‘মহাসাম্য’—যেখানে সবাই একসঙ্গে চলাচল করে। ঠিক তাই শপথ অনুষ্ঠানের জন্য এই স্থান নির্বাচন যথার্থ।"

কে উপস্থিত থাকবেন?
শপথ অনুষ্ঠানে সাবেক মেয়রদের মধ্যে কেবল প্রগতিশীল ডেমোক্র্যাট বিল ডি ব্লাসিওর উপস্থিতি নিশ্চিত। তবে মাইকেল ব্লুমবার্গ ও রুডি জুলিয়ানির উপস্থিতি এখনো অনিশ্চিত। বিদায়ী মেয়র এরিক অ্যাডামসও বিষয়টি স্পষ্ট করেননি।

বিতর্কের সূচনা
শপথের আগেই মামদানির কিছু সিদ্ধান্ত বিতর্ক সৃষ্টি করেছে। তিনি নিউইয়র্ক ফায়ার ডিপার্টমেন্টের প্রধান হিসেবে অভিজ্ঞ ইএমএস কর্মকর্তা লিনিয়ান বনসিনোকে মনোনয়ন দেওয়ার পর ধনকুবের ইলন মাস্ক অভিজ্ঞতার ঘাটতির অভিযোগ তুলে প্রশ্ন তুলেছিলেন। মামদানি সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টা জবাব দেন।

উল্লেখ্য, বিদায়ী মেয়র এরিক অ্যাডামস ইতোমধ্যে ৩৭ বছরের অভিজ্ঞতাসম্পন্ন মার্ক গুয়েরাকে সাময়িক ফায়ার চিফ হিসেবে নিয়োগ দিয়েছেন। মামদানি জানিয়েছেন, কোনো বিতর্কই লিনিয়ান বনসিনোর দক্ষতা ও যোগ্যতাকে প্রভাবিত করতে পারবে না।

 

Walton Ads