ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলাকে দেশটির 'সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার বিরুদ্ধে স্পষ্ট আগ্রাসন' বলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইরান। একইসাথে তারা জাতিসংঘের কাছে ওয়াশিংটনের এই অভিযান তাৎক্ষণিক বন্ধের জোরালো আহ্বান জানিয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই অবস্থান প্রকাশ করে। বিবৃতিতে বলা হয়, "ভেনেজুয়েলায় মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ আগ্রাসন অবিলম্বে বন্ধ করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।"

ইরান তাদের বক্তব্যে আরও স্পষ্ট করে বলে, "জাতিসংঘের একটি সদস্য রাষ্ট্রের বিরুদ্ধে এই মার্কিন সামরিক আগ্রাসন আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার সুস্পষ্ট লঙ্ঘন। এর পরিণতি পুরো আন্তর্জাতিক ব্যবস্থাকেই প্রভাবিত করবে এবং জাতিসংঘ সনদভিত্তিক ব্যবস্থাকে আরও দুর্বল ও ধ্বংসের দিকে নিয়ে যাবে।"

পররাষ্ট্র মন্ত্রণালয় জোর দিয়ে জানায়, ওয়াশিংটনের এই কার্যক্রম আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন এবং এটি আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি-নিরাপত্তার জন্যও একটি গভীর হুমকি তৈরি করেছে।

এছাড়া ইরান ভেনেজুয়েলা সরকারের আত্মরক্ষার আইনি অধিকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে। তারা জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সকল শক্তির প্রতি আহ্বান জানিয়েছে, এই হামলার স্পষ্ট ভাষায় নিন্দা জানাতে এবং যারা এই অপরাধের সাথে জড়িত তাদের জবাবদিহি নিশ্চিত করতে।

 

Walton Ads