মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে হামলার হুমকি দিয়েছে ইরান।

বুধবার ইরানের একটি ব্যাংকে হামলার ঘটনার পর দেশটির সামরিক বাহিনীর পক্ষ থেকে এই সতর্কবার্তা দেওয়া হয়। তারা জানিয়েছে, ওই অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট অর্থনৈতিক ও ব্যাংকিং স্বার্থকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হতে পারে।

ইরানের খাতাম আল-আনবিয়া যৌথ কমান্ডের মুখপাত্র ইব্রাহিম জুলফিকারি এ বিষয়ে কঠোর বক্তব্য দিয়েছেন।

তিনি বলেন, “ইরান এই অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট অর্থনৈতিক এবং ব্যাংকিং স্বার্থে হামলা চালাবে।”

ইব্রাহিম জুলফিকারি আরও অভিযোগ করেন, “ব্যর্থ অভিযানের পর সন্ত্রাসী মার্কিন সেনাবাহিনী এবং নিষ্ঠুর ইহুদিবাদী ইসরায়েল ইরানের একটি ব্যাংককে লক্ষ্যবস্তু করেছে।”

তার দাবি, এমন অবৈধ ও নজিরবিহীন কর্মকাণ্ডের মাধ্যমেই শত্রুরা ইরানকে পাল্টা পদক্ষেপ নিতে বাধ্য করছে।

ইরানি এই সামরিক মুখপাত্র মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে দূরে থাকার পরামর্শও দিয়েছেন।

 

news