ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধ এবং হরমুজ প্রণালী ও পারস্য উপসাগরে বাণিজ্যিক জাহাজ চলাচল বাধাগ্রস্ত হওয়ায়, ভারতের জ্বালানি বাজারেও অস্থিরতা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে গৃহস্থালি ও বাণিজ্যিক কাজে ব্যবহৃত এলপিজি গ্যাসের উৎপাদন ২৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার।

আজ বুধবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ভারতের কেন্দ্রীয় জ্বালানি মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়েছে, উৎপাদিত এলপিজি প্রধানত বাণিজ্যিক ব্যবহারকারীদের অগ্রাধিকার দিয়ে বিতরণ করা হবে। এছাড়া, রেস্তোরাঁ, হোটেল ও অন্যান্য বাণিজ্যিক ক্ষেত্রে যথাযথ বণ্টন হচ্ছে কি না তা পর্যবেক্ষণ করতে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হবে।

উল্লেখ্য, ভারত এলপিজি উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ নয়। দেশটির মোট চাহিদার প্রায় ৬০ শতাংশ এলপিজি আমদানি করতে হয়, যার ৯০ শতাংশই আসে হরমুজ প্রণালী দিয়ে।

তবে ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের পর, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। গত কয়েক দিনে হরমুজে বেশ কয়েকটি জাহাজে হামলা চালানো হয়েছে।

ব্রিটিশ সংস্থা ইউকে মেরিটাইম অপারেশনস জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত হরমুজ প্রণালীতে এক ডজনেরও বেশি তেলবাহী জাহাজে হামলা হয়েছে, যা আন্তর্জাতিক জ্বালানি সরবরাহে ঝুঁকি তৈরি করছে।

 

news