চীনের সরকার জরুরিভিত্তিতে পরিশোধিত জ্বালানি তেল রপ্তানি নিষিদ্ধ করেছে। এ নির্দেশ দিয়েছে ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশন (এনডিআরসি)। বৃহস্পতিবার এক লিখিত আদেশে জানানো হয়েছে, দেশের অভ্যন্তরীণ বাজারের স্থিতিশীলতা রক্ষার জন্য এ পদক্ষেপ নেওয়া হচ্ছে।
আদেশে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার থেকে আন্তর্জাতিক বাজারে পেট্রোল, গ্যাসোলিন, ডিজেল এবং উড়োজাহাজে ব্যবহারযোগ্য জ্বালানি রপ্তানি সম্পূর্ণ বন্ধ থাকবে। নিষেধাজ্ঞাটি পুরো মার্চ মাস জারি থাকবে। আন্তর্জাতিক পরিস্থিতি পর্যালোচনা করে মার্চ মাসের শেষ দিকে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
নতুন নিয়মে, যেসব চীনা কন্টেইনার বা কার্গো জাহাজ ১১ মার্চ পর্যন্ত কাস্টমস ছাড়পত্র পায়নি, সেগুলোর ওপরও নিষেধাজ্ঞা কার্যকর হবে। পাশাপাশি চীনের তেল পরিশোধনকারী উদ্যোক্তা ও মালিকদের নির্দেশ দেওয়া হয়েছে, যেন নতুন কোনো রপ্তানির অর্ডার বন্ধ করা হয় এবং সম্ভব হলে পুরোনো অর্ডারও বাতিল করা হয়।
উল্লেখ্য, চীন পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হলেও কোনো নিজস্ব তেলখনি নেই। তবে দেশটি বিশ্বের সবচেয়ে বড় অপরিশোধিত তেলের আমদানিকারক এবং সবচেয়ে বড় পরিশোধিত তেল রপ্তানিকারক।
চীনের তেল ব্যবসায়ী ও রপ্তানিকারকরা রয়টার্সকে জানিয়েছেন, মার্চ মাসে তারা তেলের রপ্তানি বাড়ানোর পরিকল্পনা করেছিল। কারণ হিসেবে তারা উল্লেখ করেছেন, সামনেই চীনের চান্দ্র নববর্ষ উৎসব, যা প্রায় একমাস ধরে চলবে এবং এই সময়ে দেশের অভ্যন্তরীণ চাহিদা কমে যাবে।
