ইরাকের কুর্দিস্তানের এরবিলে অবস্থিত ইতালির সামরিক ঘাঁটিতে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবারের এই হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি, জানিয়েছেন ইতালির প্রতিরক্ষা কর্মকর্তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
প্রাথমিকভাবে ক্ষেপণাস্ত্র হামলা হিসেবে জানানো হলেও পরবর্তীতে মন্ত্রণালয় নিশ্চিত করেছে, ঘাঁটিতে ড্রোন হামলা হয়েছে। হামলার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ঘাঁটিতে নিয়োজিত সৈন্যরা সবাই নিরাপদ আছেন।
মন্ত্রণালয়ের সূত্র বলেছে, সম্ভবত ড্রোনটি ইচ্ছাকৃতভাবে ঘাঁটি লক্ষ্য করে ছোঁড়া হয়নি, বরং উচ্চতা হারিয়ে দুর্ঘটনাবশত আঘাত হেনেছে।
ঘাঁটির কমান্ডার কর্নেল স্তেফানো পিজোত্তি সংবাদমাধ্যম স্কাই টিজি২৪-কে বলেছেন, হামলার কয়েক ঘণ্টা আগে সৈন্যদের আকাশপথে ঝুঁকির বিষয়ে সতর্ক করা হয়েছিল এবং তারা বাঙ্কারে আশ্রয় নিয়েছিলেন।
কর্নেল পিজোত্তি আরও জানিয়েছেন, হামলা কোথা থেকে চালানো হয়েছে তা এখনও জানা যায়নি, তবে বিশেষজ্ঞরা এলাকা পরীক্ষা-নিরীক্ষা ও নিরাপদ করার কাজ চালিয়ে যাচ্ছেন।
ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বলা হয়েছে, প্রায় ৩০০ সৈন্য কুর্দি নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার জন্য এরবিলে অবস্থান করছেন। এছাড়া, ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি যুদ্ধের কারণে সৈন্য সংখ্যা সাম্প্রতিক সময়ে কমানো হয়েছে, যাতে ঝুঁকি কমানো যায়।
