মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা এবং দক্ষিণ কোরিয়া থেকে যুক্তরাষ্ট্রের থাড (Terminal High-Altitude Area Defense) ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরানোর পরিকল্পনার মাঝে, জাপান সাগরে পরপর ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া।
গতকাল শুক্রবার স্থানীয় সময় দুপুর ১টা ২০ মিনিটে পিয়ংইয়ং-এর কাছাকাছি এলাকা থেকে ক্ষেপণাস্ত্রগুলো উৎক্ষেপণ করা হয়েছে বলে জানিয়েছে জাপানের কোস্টগার্ড এবং দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা বাহিনী।
উত্তর কোরিয়ার এই ধরনের পরীক্ষামূলক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ নতুন ঘটনা নয়। গত দুই দশক ধরে তারা জাপান সাগর, পূর্ব চীন সাগর ও কোরিয়া প্রণালীতে নিয়মিত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে আসছে। বেপরোয়া উৎক্ষেপণের কারণে ২০০৬ সালে জাতিসংঘ নিষেধাজ্ঞা আরোপ করলেও, পিয়ংইয়ংকে সম্পূর্ণভাবে দমন করা যায়নি।
দক্ষিণ কোরিয়ার নিরাপত্তা নিশ্চিত করতে, যুক্তরাষ্ট্র ১০ বছর আগে দেশটিতে থাড মোতায়েন করেছিল। তবে সাম্প্রতিক মধ্যপ্রাচ্যে উত্তেজনা এবং যুদ্ধ পরিস্থিতির কারণে ওয়াশিংটন থাড সরিয়ে নিতে যাচ্ছে।
দক্ষিণ কোরিয়ার দৈনিক জুংআং-এ প্রকাশিত প্রতিবেদনে প্রেসিডেন্ট লি জায়ে মিউং বলেন, থাড সরানোর যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে সিউল খুশি নয়।
প্রতিবেদন প্রকাশের মাত্র ২৪ ঘণ্টার মধ্যে, উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন জাপান সাগরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের নির্দেশ দিয়েছেন।
এ ঘটনাটি উত্তর কোরিয়া–দক্ষিণ কোরিয়া–যুক্তরাষ্ট্র সম্পর্কের উত্তেজনা আরও বাড়িয়েছে, এবং মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিকে আরও জটিল করেছে।
