মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবার নতুন মাত্রা পেতে চলেছে। ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যেই উত্তর সীমান্তে হিজবুল্লাহর হুমকি মোকাবিলায় দক্ষিণ লেবাননে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। আজ সোমবার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) ৯১তম ব্রিগেড এই অভিযান শুরু করেছে বলে এক বার্তায় নিশ্চিত করেছে আইডিএফ।
আইডিএফের বার্তায় বলা হয়েছে, “ইসরায়েল রাষ্ট্র ও তার নাগরিকদের নিরাপত্তার জন্য হুমকি হিজবুল্লার বিরুদ্ধে গত কিছুদিন ধরে অভিযান চালাচ্ছে বিমানবাহিনী। সেই অভিযানের ধারাবাহিকতায় আজ সোমবার থেকে দক্ষিণ লেবাননে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনীর ৯১তম ব্রিগেড।”
এই স্থল অভিযানের সূত্রপাত ইরান যুদ্ধের প্রেক্ষাপটে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ‘অপারেশন এপিক ফিউরি’ এবং ইসরায়েলের ‘অপারেশন রোয়ারিং লায়ন’ শুরু হওয়ার পর থেকেই এই অঞ্চলে উত্তেজনা চরমে। ইরানের ওপর হামলার প্রতিবাদে ও তেহরানের প্রতি সমর্থন জানিয়ে ১ মার্চ থেকে উত্তর ইসরায়েলে রকেট ও ড্রোন হামলা শুরু করে লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।
হিজবুল্লাহর এই হামলার জবাব দিতে দেরি করেনি ইসরায়েল। ২ মার্চ থেকে দক্ষিণ লেবাননে বিমান হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। সেই বিমান হামলা অব্যাহত থাকার মধ্যেই আজ শুরু হলো স্থল অভিযান।
ইসরায়েলের গত ১৫ দিনের বিমান ও স্থল অভিযানে লেবাননে এখন পর্যন্ত নারী ও শিশুসহ ৮৫০ জন নিহত হয়েছেন। আর বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের উদ্দেশে ছুটতে বাধ্য হয়েছেন ৮ লাখেরও বেশি মানুষ। এই সংখ্যা দিন দিন বাড়ছে বলেও জানা গেছে।
এদিকে ইরান থেকে ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে। ফলে পুরো মধ্যপ্রাচ্যই এখন এক উত্তপ্ত অগ্নিকুণ্ডে পরিণত হয়েছে।
