ইউক্রেন-এ রাতভর ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। রাজধানী কিয়েভসহ একাধিক শহরকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে এই হামলা চালানো হয়।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বার্তাসংস্থা রয়টার্স-এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, এই হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১২ বছরের এক শিশুও রয়েছে। আহত হয়েছেন কয়েক ডজন মানুষ, আর বহু ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিটস্কো জানিয়েছেন, রাজধানীতে চারজন নিহত হয়েছেন, যাদের মধ্যে ওই শিশুও আছে। তবে ইউক্রেনের জরুরি সেবাদানকারীরা মৃতের সংখ্যা পাঁচ বলে উল্লেখ করেছে। শহরটিতে আহত হয়েছেন ৪৫ জন।

তিনি আরও জানান, ভোরে আবারও হামলা হয়। একটি ড্রোন নিচু দিয়ে উড়ে এসে ১৮ তলা একটি ভবনে আঘাত করে। অনলাইনে প্রকাশিত ছবিতে দেখা যায়, বিভিন্ন এলাকায় আগুন জ্বলছে এবং আকাশে ঘন ধোঁয়া উঠছে।

রাজধানীর কেন্দ্রীয় এলাকায় উদ্ধারকর্মীরা একটি ভবন থেকে এক মা ও তার শিশুকে জীবিত উদ্ধার করেন। এছাড়া পোডিল জেলায় একটি আবাসিক ভবনের ষষ্ঠ তলায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ আঘাত হানে। উত্তরের একটি এলাকায় বড় ধরনের আগুন লাগে, যেখানে চারজন জরুরি চিকিৎসাকর্মী আহত হন।

দক্ষিণাঞ্চলের ওডেশা শহরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় সাতজন নিহত এবং ১১ জন আহত হয়েছেন বলে স্থানীয় সামরিক প্রশাসন জানিয়েছে। তারা জানায়, রাতজুড়ে একাধিক দফায় হামলা হয়েছে, এতে আবাসিক ভবন ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়।

এছাড়া দক্ষিণ-পূর্বাঞ্চলের দিনিপ্রো শহরে হামলায় দুইজন নিহত হয়েছেন। আঞ্চলিক গভর্নর ওলেক্সান্ডার গানঝা জানান, সেখানে ২৭ জন আহত হয়েছেন এবং বহু আবাসিক ভবনে আগুন ধরে যায়।

উত্তর-পূর্বাঞ্চলের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ-এও ড্রোন হামলা হয়েছে, যেখানে অন্তত দুইজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

 

news