ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ লেবানন–ইসরায়েল পরিস্থিতি নিয়ে নতুন করে কূটনৈতিক উদ্যোগ জোরদার করেছেন। তিনি লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণের আহ্বান জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ম্যাক্রোঁ লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম এবং দেশটির জনগণের প্রতি সমর্থন জানান। তিনি বলেন, মানবিক সংকট মোকাবিলা এবং বাস্তুচ্যুত মানুষের সহায়তায় ফ্রান্স সবসময় লেবাননের পাশে থাকবে।
ম্যাক্রোঁ আরও বলেন, লেবানন ও ইসরায়েলের মধ্যে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা কেবল রাজনৈতিক সমঝোতার মাধ্যমেই সম্ভব। তার মতে, এই সমঝোতা দুই দেশের নিরাপত্তা নিশ্চিত করবে এবং লেবাননের ভূখণ্ডগত অখণ্ডতা রক্ষা করবে।
তিনি জোর দিয়ে বলেন, এই লক্ষ্য অর্জনের জন্য হিজবুল্লাহকে ইসরায়েল লক্ষ্য করে হামলা বন্ধ করতে হবে এবং নিজেদের রাষ্ট্রবহির্ভূত সশস্ত্র অবস্থান থেকে সরে আসতে হবে।
একই সঙ্গে ফরাসি প্রেসিডেন্ট ইসরায়েলকে লেবাননের ভূখণ্ড থেকে সেনা প্রত্যাহারের আহ্বান জানান। পাশাপাশি তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতায় হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণ এবং লেবাননের পুনর্গঠনের ওপর গুরুত্ব আরোপ করেন।
