পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির (NPT) পর্যালোচনা সম্মেলনকে ঘিরে জাতিসংঘে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এই সম্মেলনে ইরানকে সহ–সভাপতি হিসেবে নির্বাচিত করা নিয়েই মূলত শুরু হয়েছে বিতর্ক।

এই সিদ্ধান্ত ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আবারও তর্ক-বিতর্ক তীব্র হয়েছে। ওয়াশিংটন এই নির্বাচনের কঠোর সমালোচনা করেছে।

যুক্তরাষ্ট্রের দাবি, ইরানকে সহ–সভাপতি করা চুক্তির প্রতি এক ধরনের উপহাসের মতো। তাদের অভিযোগ, ইরান পারমাণবিক বিষয়ে নিজের দায়বদ্ধতা যথাযথভাবে পালন করছে না এবং আন্তর্জাতিক পরমাণু সংস্থার সঙ্গেও পুরোপুরি সহযোগিতা করছে না।

তবে এসব অভিযোগ একেবারেই প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, পারমাণবিক চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের কোনো নৈতিক অধিকার নেই মন্তব্য করার।

তাদের যুক্তি অনুযায়ী, ইতিহাসে একমাত্র যুক্তরাষ্ট্রই যুদ্ধক্ষেত্রে পারমাণবিক অস্ত্র ব্যবহার করেছে। তাই এই বিষয়ে অন্যদের সমালোচনা করার আগে নিজেদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা উচিত।

বিশ্লেষকদের মতে, এই সম্মেলনে ইরানের সহ–সভাপতি নির্বাচিত হওয়া আন্তর্জাতিক অঙ্গনে দেশটির কূটনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করেছে। একইসঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া বিষয়টিকে আরও আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।

 

news