হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে আন্তর্জাতিক জোট গঠনের উদ্যোগ নিচ্ছে ওয়াশিংটন। এই জোটের কূটনৈতিক সমন্বয় করবে মার্কিন পররাষ্ট্র দপ্তর এবং প্রতিরক্ষা কার্যক্রম পরিচালনা করবে পেন্টাগন।
স্টেট ডিপার্টমেন্টের এক কর্মকর্তা স্থানীয় সময় বৃহস্পতিবার এএফপিকে জানান, “মেরিটাইম ফ্রিডম কনস্ট্রাক্ট” বা এমএফসি নামের এই জোটের লক্ষ্য হলো প্রণালিতে নিরাপদ জাহাজ চলাচল নিশ্চিত করা। এর মধ্যে থাকবে রিয়েল-টাইম তথ্য সরবরাহ, নিরাপত্তা নির্দেশনা এবং বিভিন্ন দেশের মধ্যে সমন্বয়।
নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা আরও জানান, কূটনৈতিক বার্তার মাধ্যমে মার্কিন দূতাবাসগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা বিদেশি সরকারগুলোকে এই জোটে যুক্ত হতে উৎসাহিত করে।
রয়টার্সের বরাতে জানা গেছে, অংশগ্রহণকারী দেশ ও জাহাজ শিল্পের মধ্যে সমন্বয় করবে মার্কিন পররাষ্ট্র দপ্তর, আর প্রতিরক্ষা মন্ত্রণালয় সেন্টকমের মাধ্যমে সমুদ্রপথ পর্যবেক্ষণ ও নিরাপত্তা সমন্বয় করবে। একই সঙ্গে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোর সঙ্গে সরাসরি যোগাযোগও রাখা হবে।
দূতাবাসগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে, তারা যেন শুক্রবারের মধ্যে সম্ভাব্য অংশীদার দেশগুলোর কাছে এই বার্তা পৌঁছে দেয়। তবে রাশিয়া, চীন, বেলারুশ, কিউবা এবং যুক্তরাষ্ট্রের বিরোধী দেশগুলোকে এই উদ্যোগের বাইরে রাখা হয়েছে।
এই জোটে অংশগ্রহণ বিভিন্নভাবে হতে পারে—কূটনৈতিক সহযোগিতা, তথ্য আদান-প্রদান, নিষেধাজ্ঞা বাস্তবায়ন, নৌবাহিনীর উপস্থিতি কিংবা অন্যান্য সহায়তার মাধ্যমে।
এদিকে এই উদ্যোগের মাঝেই হরমুজ প্রণালি ও মধ্যপ্রাচ্যের তেল রপ্তানিকারক দেশগুলোকে কড়া বার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, তিনি ঘোষণা করেছেন, “হরমুজ প্রণালিতে নতুন অধ্যায় শুরু হচ্ছে।”

 

Walton Ads