চীনে এবার বড় ধরনের পদক্ষেপ নিল আদালত। ঘুষ ও দুর্নীতির অভিযোগে দেশটির সাবেক দুই প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেংহে এবং লি শাংফুকে মৃত্যুদণ্ড দিয়েছে সামরিক আদালত। বৃহস্পতিবার এই রায় ঘোষণা করা হয়।
রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিসিটিভি জানিয়েছে, ক্ষমতায় থাকাকালীন সময়ে ঘুষ নেওয়া ও দুর্নীতির দায়ে এই দুই প্রভাবশালী নেতাকে সবচেয়ে কঠোর শাস্তি দিয়েছে আদালত। তবে খবর হলো, এই সাজা কার্যকরের ব্যাপারে দুই বছরের জন্য স্থগিতাদেশ দেওয়া হয়েছে।
উভয়েই ছিলেন চীনের কেন্দ্রীয় সামরিক কমিশনের প্রভাবশালী সদস্য এবং সাবেক স্টেট কাউন্সিলর। আদালত জানিয়েছে, ওয়েই ফেংহেকে ঘুষ গ্রহণের অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছে। অন্যদিকে লি শাংফুর বিরুদ্ধে ঘুষ নেওয়া ও ঘুষ দেওয়া— দুটি অভিযোগই প্রমাণিত হয়েছে।
শুধু মৃত্যুদণ্ডই নয়, তাদের সব ধরনের রাজনৈতিক অধিকারও কেড়ে নেওয়া হয়েছে আজীবনের জন্য। সেই সঙ্গে ব্যক্তিগত সব সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে আদালত।
আদালতে আরও বলা হয়েছে, দুই বছর পর এই স্থগিতাদেশ শেষ হলে আইন অনুযায়ী তাদের সাজা যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তরিত হবে। আর সেক্ষেত্রে তারা কোনোদিনই সাজা মওকুফ বা কারামুক্তির সুযোগ পাবেন না।
চীনের মতো দেশে এত বড় পদে থাকা দুই নেতার এ রায় সত্যিই সবার চোখ কপালে তুলে দেওয়ার মতো ঘটনা!
