বেইজিং: যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পর বিশ্বের বুকে ইরানের অবস্থান আগের চেয়ে অনেক মজবুত হয়েছে। এমনটাই মনে করছে চীন। বুধবার বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে বৈঠকের পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সাংবাদিকদের এ কথা জানান।

আরাগচি বলেন, “আমাদের চীনা বন্ধুরা মনে করেন, যুদ্ধের পর ইরান আর সেই পুরনো ইরান নেই। এই যুদ্ধ আন্তর্জাতিক মঞ্চে ইরানের অবস্থানকে আরও শক্তিশালী করেছে।”

চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কী কী আলোচনা হয়েছে, সেটাও জানান ইরানের এই শীর্ষ কূটনীতিক। তিনি বলেন, “সাম্প্রতিক সব গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোচনা করেছি। যুদ্ধ, যুদ্ধ থামানোর উপায়, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি নিয়ে নানা জটিলতা, নিষেধাজ্ঞা, হরমুজ প্রণালি এবং চলমান দরকষাকষি—সব কিছুই উঠে এসেছে আলোচনায়।”

প্রসঙ্গত, গত ২৮শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিল। তার পর এটাই কোনো ইরানি পররাষ্ট্রমন্ত্রীর প্রথম চীন সফর।

এর আগে গত সপ্তাহেই ইরানের এই শীর্ষ কূটনীতিক পাকিস্তান, ওমান ও রাশিয়া সফর করেছেন। রাশিয়ায় গিয়ে তিনি দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও বৈঠক করেন।

 

news