একসঙ্গে সংস্কার, বিচার ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ শনিবার ঢাকার বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সম্প্রতি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ নিয়ে চলমান গুঞ্জনের প্রেক্ষাপটে উদ্ভূত রাজনৈতিক অস্থিরতার মাঝে এই জরুরি সংবাদ সম্মেলন ডাকে এনসিপি।

সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “জনগণের আস্থা ফিরিয়ে আনতে ও রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে জুলাই সনদ, কাঠামোগত সংস্কার, বিগত ফ্যাসিবাদী সরকারের বিচার এবং একটি সুস্পষ্ট নির্বাচনী রোডম্যাপ একসঙ্গে উপস্থাপন করতে হবে।”

তিনি বলেন, জাতীয় নির্বাচন আয়োজনের আগে নির্বাচন কমিশন পুনর্গঠন এবং স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তাবে দলটি অনড়।

এসময় নাহিদ ইসলাম সাম্প্রতিক সেনাবাহিনীর প্রকাশিত তালিকা প্রসঙ্গে বলেন, “৫ আগস্ট সরকার পতনের পর সেনানিবাসে আশ্রয় নেওয়া ৬২৬ জনের তালিকা ২২ মে প্রকাশ করা হয়। যদি এ তালিকা আগেই প্রকাশ করা হতো, তাহলে সেনাবাহিনীর ওপর অহেতুক প্রশ্ন উঠত না।”

তিনি বলেন, “বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সেনাবাহিনীর সঙ্গে রাজনীতির সংযোগ নতুন নয়। আমরা ওয়ান-ইলেভেনের মতো ঘটনা দেখেছি। এসব অভিজ্ঞতা দেশ ও গণতন্ত্রের জন্য ইতিবাচক ফল বয়ে আনেনি। তাই সংবিধান অনুযায়ী প্রতিটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে তার নির্ধারিত ভূমিকায় থাকা উচিত।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নেতারা এবং সমমনা রাজনৈতিক ব্যক্তিত্বরা। দলটি শান্তিপূর্ণ রাজনৈতিক সমাধানে সকল পক্ষকে আলোচনায় বসার আহ্বান জানায়।

Walton Ads