ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) দায়িত্ব পালনে কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে কোরবানির ঈদে নগরী পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন বিএনপি নেতা ও মেয়রপদ দাবিদার প্রকৌশলী ইশরাক হোসেন।
শনিবার (২৪ মে) দুপুরে ‘ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথের দাবি’তে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের শ্রমিক ইউনিয়নের চলমান আন্দোলনে মুঠোফোনে যুক্ত হয়ে এই বার্তা দেন তিনি। শ্রমিক ইউনিয়নের অবস্থান কর্মসূচিতে উপস্থিতদের উদ্দেশ্যে সাবেক সচিব মশিউর রহমানের ফোনে ইশরাক বলেন, “আমরা সরকারকে সময় দিয়েছিলাম, কিন্তু শুক্রবার ছুটির কারণে কাজ হয়নি। আজ আরেকদিন সময় দিচ্ছি, সবাই যার যার দায়িত্ব ঠিকভাবে পালন করুন।”
তিনি আন্দোলনকারীদের উদ্দেশে বলেন, “আমরা যদি একে অপরের পাশে থাকি, কোনো অপশক্তি আমাদের দমন করতে পারবে না। যে কারণে আপনারা আন্দোলনে নেমেছেন, তার দ্রুত সমাধান হবে বলে আশা করছি।”
ইশরাক আরও বলেন, “সামনে ঈদুল আজহা। কোরবানির পর ঢাকা শহরকে বাসযোগ্য রাখার গুরুদায়িত্ব আমাদের সবার। তাই পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে যেন কোনো গাফিলতি না হয়।”
এর আগে, বৃহস্পতিবার কাকরাইল মোড়ে অবস্থান কর্মসূচি থেকে ইশরাক সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলেন। নির্ধারিত সময়ের মধ্যে মেয়র হিসেবে তার শপথ গ্রহণে উদ্যোগ না নেওয়ায় শনিবার সকাল থেকে আন্দোলনকারীরা নগর ভবনের প্রধান ফটক তালাবদ্ধ করে অবস্থান নেয়।
গত ১৪ মে থেকে ‘ঢাকাবাসী’ ব্যানারে বিএনপি নেতাকর্মী ও ইশরাক সমর্থকেরা নগর ভবনের সামনে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। শ্রমিক কর্মচারী ইউনিয়নের কর্মীরাও এতে একাত্মতা প্রকাশ করেছেন।