দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও উত্তেজনা নিরসনে উদ্যোগ নিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আগামীকাল রোববার বিকেলে রাজধানীর যমুনা সরকারি বাসভবনে তিনি সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে এক গুরুত্বপূর্ণ সর্বদলীয় বৈঠক আহ্বান করেছেন।
শনিবার (২৪ মে) বিকেলে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বৈঠকে ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর পক্ষে থাকা রাজনৈতিক দলগুলোর একজন করে প্রতিনিধি আমন্ত্রিত হয়েছেন বলে নিশ্চিত করেছেন দপ্তরের সংশ্লিষ্ট সূত্র।
মূলত দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা, গণতন্ত্র পুনরুদ্ধার, নির্বাচনের রোডম্যাপ এবং সংস্কার প্রক্রিয়া নিয়ে আলোচনা করতেই এই বৈঠকটি ডাকা হয়েছে। ধারণা করা হচ্ছে, এই আলোচনার মাধ্যমেই একটি সমন্বিত জাতীয় ঐক্য গঠনের সম্ভাবনা তৈরি হতে পারে।
এর আগে, শনিবার সন্ধ্যায় বিএনপি এবং জামায়াতে ইসলামী প্রতিনিধিদের সঙ্গে পৃথকভাবে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। সন্ধ্যা সাড়ে ৭টায় বিএনপির এবং রাত সাড়ে ৮টায় জামায়াতের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক নির্ধারিত রয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বৈঠক দেশের ভবিষ্যৎ রাজনীতির গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে জুলাই গণআন্দোলনের পূর্বাভাস ও রাজনৈতিক দলগুলোর অবস্থান নির্ধারণে এটি হবে একটি বড় পদক্ষেপ।
সংশ্লিষ্ট দলগুলোর পক্ষ থেকে এখন পর্যন্ত বৈঠকে অংশগ্রহণে সম্মতির ইঙ্গিত মিলেছে বলে প্রধান উপদেষ্টা দপ্তর সূত্র জানিয়েছে। এই সংলাপ দেশের রাজনৈতিক সংকট নিরসনে আশার আলো জাগাতে পারে বলেও ধারণা বিশ্লেষকদের।