বাংলাদেশ পুলিশের বিরুদ্ধে ভিপি নুরুল হক নুরের দেওয়া হুমকিমূলক বক্তব্যকে কেন্দ্র করে দেশজুড়ে আলোচনার সৃষ্টি হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরকে পুলিশের বিরুদ্ধে উত্তেজনাপূর্ণ বক্তব্য দিতে দেখা যায়, যা বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নজরে আসে।

শনিবার (২৪ মে) বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ড. মো. নাজমুল করিম খান ও সাধারণ সম্পাদক মো. আনিসুজ্জামান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, ২২ মে এক গণসমাবেশে ভিপি নুর বলেন, “এই অন্তর্বর্তীকালীন সরকারের পুলিশ আমাদের গায়ে হাত দিলে ওই হাত আর আস্ত রাখবো না। যাত্রাবাড়ীতে যেমন জনগণ পুলিশকে ব্রিজে ঝুলিয়ে রেখেছিল, তেমনটাই হবে যদি গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের গায়ে হাত দেওয়া হয়।”

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন জানিয়েছে, এ ধরনের মন্তব্য একটি গুরুতর ফৌজদারি অপরাধ এবং রাষ্ট্রীয় নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি প্রকাশ্য হুমকি। সংগঠনটি মনে করে, রাজনৈতিক নেতাদের কাছ থেকে শালীন ও গঠনমূলক সমালোচনা প্রত্যাশিত হলেও, বিদ্বেষমূলক ও হিংসাত্মক বক্তব্য সমাজে অস্থিরতা বাড়াতে পারে।

বিবৃতিতে আরও বলা হয়, ৫ আগস্টের পরবর্তী সময়ে পুলিশ বাহিনী নিরলসভাবে দেশের স্থিতিশীলতা রক্ষা ও জনআস্থা অর্জনে কাজ করছে। কিছু মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে পুলিশকে দুর্বল করতে এমন বক্তব্য দিচ্ছে।

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ভিপি নুরের বক্তব্যের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে সকল মহলকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছে।

Walton Ads