নির্বাচনের আগে বিচার ও সংস্কার প্রক্রিয়া স্পষ্ট এবং দৃশ্যমান করার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামি। দলটি বলেছে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঘোষিত সময়সীমার মধ্যেই এই দুই বিষয়ে একটি সুনির্দিষ্ট রোডম্যাপ প্রয়োজন।
শনিবার (২৪ মে) রাতে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’য় অনুষ্ঠিত বৈঠকে অংশ নেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান এবং নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। রাত পৌনে ৯টার দিকে শুরু হওয়া এই বৈঠক শেষে সাংবাদিকদের সামনে বক্তব্য দেন জামায়াত আমীর।
তিনি বলেন, “আমরা প্রধান উপদেষ্টার কাছে দুটি বিষয় স্পষ্ট করার অনুরোধ জানিয়েছি। প্রথমত, নির্বাচন কবে হবে তা পরিষ্কারভাবে জানাতে হবে। দ্বিতীয়ত, নির্বাচন হতে হবে এমন এক প্রেক্ষাপটে, যেখানে বিচার ও সংস্কার প্রক্রিয়ার অগ্রগতি দৃশ্যমান হবে।”
তিনি আরও বলেন, “যদি জানুয়ারির মধ্যে বিচার ও সংস্কার সংক্রান্ত দাবিগুলো সন্তোষজনকভাবে পূরণ হয়, তাহলে ফেব্রুয়ারিতেই নির্বাচন সম্ভব। তবে সংস্কার ছাড়া তড়িঘড়ি করে কোনো নির্বাচন হলে জনগণের প্রত্যাশা পূরণ হবে না।”
সংস্কারের বিষয়ে তিনি জানান, আপাতত সরকার পাঁচটি সুনির্দিষ্ট বিষয়ে কাজ শুরু করেছে। তবে এসব বিষয়ে একটি গ্রহণযোগ্য নিষ্পত্তি ছাড়া নির্বাচন যথার্থ হবে না।
উপদেষ্টাদের পদত্যাগ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডা. শফিকুর রহমান বলেন, “আমরা কোনো উপদেষ্টার পদত্যাগ চাইনি। বরং আমরা চাই, সবাই মিলে একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি হোক।”
এই বৈঠককে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনার ঝড় উঠেছে, বিশেষত নির্বাচনপূর্ব পরিস্থিতিতে জামায়াতের এই অবস্থানকে কেন্দ্র করে।