ছাত্রবিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমকে ঘিরে বিএনপির পদত্যাগ দাবির প্রেক্ষিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, “এই দুই উপদেষ্টা কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি নন। তাঁরা গণঅভ্যুত্থানের প্রতিনিধিত্ব করছেন, এনসিপির নয়।”
রোববার (২৫ মে) চট্টগ্রামের দুই নম্বর গেট এলাকার বিপ্লব উদ্যানে এনসিপি চট্টগ্রাম দক্ষিণ জেলার পথসভা শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “উপদেষ্টাদের গায়ে দলীয় ট্যাগ লাগানোর চেষ্টা উদ্দেশ্যপ্রণোদিত। আমরা বিষয়টি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গেও আলোচনা করেছি। কারও ব্যক্তিগত সম্মানহানি যেন না হয়, সে বিষয়ে আমরা উদ্বিগ্ন।”
হাসনাত আরও জানান, এনসিপির চলমান পথসভা কর্মসূচির লক্ষ্য জনগণের কাছে বিচার, সংস্কার ও আগামী নির্বাচন নিয়ে দলের অবস্থান তুলে ধরা এবং জনগণের মতামত জানা।
তিনি বলেন, “সংস্কার, নতুন সংবিধান প্রণয়ন, গণপরিষদ ও আইনসভা নির্বাচন, এবং শহীদ ও আহত পরিবারগুলোর পুনর্বাসন নিয়ে আমরা গতকাল প্রধান উপদেষ্টাকে প্রস্তাব দিয়েছি। এই প্রস্তাব বাস্তবায়নের জন্য দ্রুততম সময়ের মধ্যে বিচার ও সংস্কারের রোডম্যাপ প্রকাশ প্রয়োজন।”
চট্টগ্রামের কর্ণফুলী, আনোয়ারা, বাঁশখালী, সাতকানিয়া, লোহাগাড়া, দোহাজারী, চন্দনাইশ, পটিয়া ও বোয়ালখালী উপজেলায় এনসিপির বিভিন্ন কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, যুগ্ম সদস্যসচিব মীর আরশাদুল হকসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
হাসনাত আব্দুল্লাহ শেষে বলেন, “গণঅভ্যুত্থান কোনো দলের নয়, এটি জনগণের অর্জন। সেই অর্জনের প্রতিনিধিদের প্রশ্নবিদ্ধ করাটা গণতন্ত্রের প্রতি অসম্মান।”